ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আগুন ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও রানার্সআপ আর্সেনাল। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
গত মৌসুমে লিভারপুল ও আর্সেনালের শিরোপার লড়াই ছিল রোমাঞ্চকর। এ রেসে শেষ পর্যন্ত হার মানে গানাররা। ১০ পয়েন্টে তাদের পেছনে ফেলে শিরোপা জিতে নেয় আর্নে স্লটের দল। ২০০৪ সালের পর প্রিমিয়ার লিগ শিরোপা জেতেনি গানাররা। দীর্ঘ এ শিরোপা-খরা কাটাতে মরিয়া লন্ডন জায়ান্টরা।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দুই দলই অপরাজিত। বোর্নমাউথকে ৪-২ গোলে ও নিউক্যাসলকে ৩-২ গোলে হারায় লিভারপুল। অন্যদিকে আর্সেনাল ১-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ও ৫-০ গোলে লিডস ইউনাইটেডকে হারায়।
মুখোমুখি লড়াইয়ে সামান্য এগিয়ে লিভারপুল। সব ধরনের প্রতিযোগিতায় ২১৪ ম্যাচে মুখোমুখি হয়ে লিভারপুল ৮০টি ও আর্সেনাল ৭৩টি জয় পেয়েছে। ড্র হয় ৬১ ম্যাচ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে দুই দলের দুটি ম্যাচই ড্র হয়।
সব মিলিয়ে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে জয়হীন লিভারপুল। এর মধ্যে তারা হেরেছে দুটিতে, ড্র হয় বাকি চারটি ম্যাচ। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যবর্তী সময়ে গানারদের বিপক্ষে আট ম্যাচে জয়হীন ছিল লিভারপুল। তার পরই চলতি জয়-খরাই দীর্ঘতম।
অ্যানফিল্ড বলেই আশা আছে লিভারপুলের। এ মাঠে প্রিমিয়ার লিগে দুই দলের সর্বশেষ তিন ম্যাচ ড্র হয়েছে এবং এ মাঠে সর্বশেষ ১২ ম্যাচে জয়হীন আর্সেনাল! ২০১২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ অ্যানফিল্ডে জিতেছিল গানাররা। সেই ম্যাচে আর্সেনালের হয়ে খেলেছিলেন বর্তমান কোচ আরতেতা।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সন্ধ্যায় ম্যানসিটি খেলবে ব্রাইটনের মাঠে, ওয়েস্ট হ্যাম যাবে নটিংহ্যাম ফরেস্টের মাঠে আর অ্যাস্টন ভিলা আতিথ্য দেবে ক্রিস্টাল প্যালেসকে।
স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা। রায়োর মাঠে তাদের এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।










