ওয়ানডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। ৫০ ওভারের ফরম্যাটে ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে ৩৫তম জন্মদিনও রাঙালেন তিনি। আজ কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার মাইলফলক ছোঁয়ার দিন প্রোটিয়াদের ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শিরোপা ফেভারিট ভারত।

মুম্বাইতে আগের ম্যাচে শ্রীলংকাকে ৫৫ রানে অলআউট করে ৩০২ রানের জয় তুলে নেয়া ভারতের অবিশ্বাস্য বোলিং ব্রিগেড আজ ইডেনেও জ্বলল। তারা দক্ষিণ আফ্রিকার তারকাখচিত ব্যাটিং লাইনআপকে মাটিতে মিশিয়ে দিল। চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে ২৭.১ ওভার লড়ার পর ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। আজ অবশ্য গতির চেয়ে স্পিন দিয়েই প্রতিপক্ষকে বেশি কাবু করেছে তারা। রবীন্দ্র জাদেজা ৩৩ রানে ৫টি ও কুলদীপ যাদব ৭ রানে ২টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শামি ২টি ও মোহাম্মদ সিরাজ ১টি উইকেট নেন।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত হলো ভারতের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা, যাদের আজ শেষ চার নিশ্চিত করার সুযোগ ছিল।  

এর আগে ৪৯তম ওভারে কাগিসো রাবাদার বলকে কভার অঞ্চলে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ৪৯তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। তার সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান তুলেছে ভারত। কোহলি ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকে। তিনি ইনিংসটি সাজান ১০ বাউন্ডারিতে। এছাড়া শ্রেয়াস আইয়ার ৮৭ বলে ৭৭ রান করেন।

১৯৮৯ থেকে ২০১২ পর্যন্ত ৪৬৩ ম্যাচে ৪৯টি সেঞ্চুরি করেন টেন্ডুলকার। কোহলি মাত্র ২৮৯ ম্যাচেই তাকে ধরে ফেললেন। টেন্ডুলকার ৪৯তম সেঞ্চুরি করেছিলেন ৪৫১তম ইনিংসে, কোহলি তা করলেন মাত্র ২৭৭ ইনিংসে। ৩১টি সেঞ্চুরি করে সর্বকালের তালিকায় তিনে রয়েছেন ভারতীয় দলনায়ক রোহিত শর্মা।

চলতি বিশ্বকাপ একাধিকবার শচীনকে স্পর্শ করার কাছাকাছি গিয়েও ব্যর্থ হচ্ছিলেন কোহলি। পুনেতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা এই খেলোয়াড়টি তিন ম্যাচে যথাক্রমে ৯৫, ৮৮ ও ৮৫ রানে আউট হয়েছেন। অবশেষে আজ তিনি ৪৯তম সেঞ্চুরির দেখা পেলেন।

চলতি বিশ্বকাপে এটা কোহলির দ্বিতীয় ও সব মিলে বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি। যেখানে সাতটি সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে রোহিত শর্মা। চলতি আসরে দুটি সেঞ্চুরি ও চারটি ফিফটিতে ৫৪৩ রান করে চার্টে দুইয়ে কোহলি। শনিবার তাকে টপকে রানচার্টে দুইয়ে উঠেছিলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র (৫২৩)। একদিন পরই তাকে হটিয়ে ফের দুইয়ে উঠলেন ভারতের ব্যাটিং সুপারস্টার। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক আজ মাত্র ৫ রান করায় ৫৫০ রান নিয়ে আছেন শীর্ষে। অথচ চারটি সেঞ্চুরি করা ডি কক আজ ভালো রান পেলে অন্যদের পেছনে ফেলতে পারতেন। এখন তার কাছাকাছি পৌঁছে গেলেন কোহলি।  

চলতি বছর দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। এখন পর্যন্ত চার সেঞ্চুরিতে এক হাজারেরও বেশি রান করেছেন ৭২.১৮ গড়ে। এ নিয়ে অষ্টমবার এক পঞ্জিকাবর্ষে হাজারের বেশি রান করলেন তিনি। এখানেও তিনি টপকে গেছেন শচীনকে, যিনি সাতবার বছরে হাজার রান করেছেন।

টেবিলের এক ও দুইয়ের এই লড়াইয়ে আজ প্রোটিয়ারা দুই স্পিনারকে দলভুক্ত করেছে। কেশব মহারাজের সঙ্গে হাত ঘুরান তাবরাইজ শামসি। ইন-ফর্ম পেসার জেরাল্ড কোয়েৎজির জায়গায় এসেছেন শামসি। মহারাজ ১০ ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট নিলেও ব্যর্থ শামসি। তিনি ৭২ রান দিয়ে নেন একটি উইকেট। পেসারদের মধ্যে রাবাদা (১/৪৮) ভালো করলেও মার্কো ইয়ানসেন (১/৯৪) ও লুঙ্গি এনগিডির (১/৬৩) ওপর দিয়ে ঝড় গেছে।