ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টায়।
শুক্রবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। মাত্র ১১০ রানের পুঁজি নিয়েও বাংলাদেশের এত বড় জয়ের কারিগর বোলাররা। পাকিস্তানকে মাত্র ৫৪ রানে অলআউট করে দেয় ফাহিমা খাতুনের দল। সানজিদা আক্তার মেঘলা ৬ রানে ৩টি ও ফাহিমা ৬ রানে ২টি উইকেট নেন। এর আগে অধিনায়ক ফাহিমা ৩২ বলে ৪০ রান করে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন।
শুক্রবার আরেক সেমিতে শ্রীলংকা ‘এ’ দলকে হারায় ভারত ‘এ’ দল। আগে ব্যাট করে ১৯.৪ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। জবাবে ভারতের মেয়েরা মাত্র ১৩.৩ ওভারে ৫ উইকেটে ১১৯ রান তুলতে সমর্থ হয়।
৮ দলের এ আসরে ‘বি’ গ্রুপে শ্রীলংকা, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে খেলে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। আর ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও নেপাল প্রতিদ্বন্দ্বিতা করে। সেখান থেকে শেষ চারে ওঠে ভারত ও পাকিস্তান। আজ ভারত-বাংলাদেশ শিরোপার লড়াই।
এটা মেয়েদের দ্বিতীয় এশিয়া কাপ রাইজিং স্টার আসর। ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ। ফাহিমার দল আজ কি পারবে শিরোপা জিততে?










