ইংলিশ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল হামজা চৌধুরীর দল লেস্টার সিটি। শুক্রবার রাতে তারা ২-০ গোলে হারিয়ে দেয় বার্মিংহাম সিটিকে। এ হারের আগে চলতি মৌসুমে তিন ম্যাচে অপরাজিত ছিল বার্মিংহাম সিটি।

কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টারকে জিতিয়েছেন আব্দুল ফাতাবু ও রিকার্ডো পেরেইরা। ফাতাবুর গোলে অষ্টম মিনিটে লিড নেয় লেস্টার। এরপর ৮৮ মিনিটে পেরেইরার গোলে ‘দ্য ফক্সেস’ খ্যাত দলটির জয় নিশ্চিত হয়ে যায়।

এ জয়ের পর ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠল লেস্টার। মিডলসব্রো (১০), ওয়েস্ট ব্রম (১০) ও স্টোক সিটি (৯) রয়েছে শীর্ষ তিনটি পজিশনে।

গত মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা হামজা চৌধুরী। গতবার প্রিমিয়ার লিগে ওঠার সুবর্ণ সুযোগ থাকলেও শেষ মুহূর্তে পা হড়কায় তাদের। ধার চুক্তি শেষে এবার লেস্টারে ফিরেছেন তিনি। লেস্টারও খেলে চ্যাম্পিয়নশিপে।