১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯৮ রান। জয়ের জন্য প্রয়োজন ৬৫ রান, হাতে আছে ৯ উইকেট ও ৫৪ বল। টি ২০ তে এমন ম্যাচ অনায়সে জয়ের কথা। অস্ট্রেলিয়ার মতো দলের জন্য তো আরো সহজ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সহজ এই ম্যাচটিই ‘অবিশ্বাস্যভাবে’ হেরে গেল অসিরা। ২০ ওভারের কোটা শেষে ১৬০ রানে থেমে যায় অ্যারন ফিঞ্চের দল। ফলে হার দেখতে হয়েছে ২ রানের। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড।
সাউদাম্পটনে এদিন রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। এ দুজন মিলে উদ্বোধনী জুটিতেই তোলেন ৯৮ রান। ৩২ বলে ৪৬ রান করা ফিঞ্চকে ফিরিয়ে এ জুটি ভাঙেন জোফরা আর্চার। এরপর স্টিভেন স্মিথের সঙ্গে জুটি গড়েন ওয়ার্নার। দলীয় ১২৪ রানে আউট হন স্মিথ। ১১ বলে ১৮ রান করা স্মিথ ফিরেন আদিল রশিদের শিকার হয়ে। রশিদের বলেই ১ রান করে দ্রুত আউট হন ম্যাক্সওয়েল। এরপর আর্চার বোল্ড করে প্যাভিলিয়েন পথ দেখান ওয়ার্নারকে। ৪৭ বলে ৫৮ রান করেছেন ওয়ার্নার। দলের রান তখন ১২৯ । দ্রুত ফিরেন অ্যালেক্স ক্যারিও। পরপর উইকেট হারিয়ে রান তোলার গতি হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৫ রান। কিন্তু সে রান আর তোলতে পারেনি তারা। বিপরীতে প্রায় ফসকে যাওয়া ম্যাচ জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড। আর্চার ও রশিদ ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জস বাটলার ও ডেভিড মালান ছাড়া আর কেউ জ্বলে উঠতে পারেননি ইংল্যান্ডের হয়ে। ২৯ বলে ৪৪ রান করেন বাটলার, মালান করেন ৪৩ বলে ৬৬ রান। ম্যাচ সেরা হয়েছেন মালান।
সূত্র: ক্রিকইনফো










