ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ২৪ আগস্ট টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে পরের ম্যাচে তিনি ১ উইকেট নিলেও হেরেছে তার দল। আজ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা খেলবে সেন্ট লুসিয়া কিংসের মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

গত ২০ আগস্ট ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের ৪৯৯তম উইকেট পান সাকিব। চারদিন পর ‘৫০০তম’ উইকেট পান তিনি। অ্যান্টিগায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০তম টি-টোয়েন্টি উইকেট শিকার করেন সাকিব। পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিব গড়েন অনন্য কীর্তি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের গৌরবের ‘ডাবল’ পান তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া ৫ হাজার রান ও ৫০০ উইকেট আছে শুধু ডোয়াইন ব্রাভোর (৬৯৭০ রান ও ৬৩১ উইকেট)।

৭ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের আফগান স্পিনার ওয়াকার সালামখিল। ৫ ম্যাচ থেকে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ত্রিনবাগো। এরপর সেন্ট লুসিয়া কিংস (৭), অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস (৭), গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (৪), সেন্ট কিটস অ্যান্ড নেভিস (৪) ও বার্বাডোজ রয়্যালস (১)।