দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ সোমবার শ্রীলংকাকে ২৭৯ রানে অলআউট করার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথুজেড ‘টাইমড আউট’ কাণ্ডের পরও চারিথ আসালঙ্কার লড়াকু সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

টস জিতে বোলিং নেয়া বাংলাদেশকে প্রথম ওভারেই সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তার বলে উইকেটকিপার মুশফিকুর রহিমকে ক্যাচ দেন কুশল পেরেরা। বামদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিক। শরিফুলের পর লংকা শিবিরে পরপর দুই ওভারে আঘাত হানেন দুই সাকিব—অধিনায়ক সাকিব আল হাসান ও তানজিম হাসান সাকিব। তাতে লংকানদের স্কোর রূপ নেয় ৭২/৩। এরপর চারিথ আসালঙ্কার সেঞ্চুরিতে ভর করে তিন বল বাকি থাকতে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলংকা। আসালঙ্কা ১০৫ বলে ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৮ রানে অপরাজিত থাকেন।

বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলা তানজিম হাসান সাকিব ৮০ রানে তিনটি, সাকিব আল হাসান ৫৭ রানে দুটি ও শরিফুল ইসলাম ৫২ রানে দুটি উইকেট নেন।

শরিফুলের প্রথম ব্রেুকথ্রুর পর লংকান অধিনায়ক কুশল মেন্ডিসকে ফেরান বাংলাদেশ অধিনায়ক সাকিব। লং-অনে শরিফুলকে ক্যাচ দেন কুশল। ১৩তম ওভারে পাথুম নিশাঙ্কাকে বোল্ড করেন তানজিম সাকিব। এটাই বিশ্বকাপে তার প্রথম উইকেট। ৭২ রানে তিন উইকেটের পতন ঘটে শ্রীলংকার।

২৫তম ওভারে ঘটে মহা নাটকীয়তা। সাকিবের করা বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। শ্রীলংকার রান তখন ৪ উইকেটে ১৩৫। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এলেন ম্যাথুজ। উইকেটে গিয়ে তিনি দেখলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপে কোনো একটা সমস্যা আছে। তিনি ড্রেসিং রুমে ইশারা করলেন নতুন হেলমেটের জন্য অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট খানিকটা বিলম্ব হয়ে গেল। এই সময় ম্যাথুজের বিপক্ষে ‘টাইমড আউটে’র আপিল করে বাংলাদেশ।

এমসিসির ওয়েবসাইটে ‘টাইমড আউট’ অংশের ৪০.১.১ ধারায় বলা হয়েছে, ‘উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটসম্যান ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন।’

তবে বিশ্বকাপে আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা আছে, ৩ মিনিট নয়, ব্যাটসম্যানকে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে ২ মিনিটের মধ্যে। হেলমেট বদলাতে গিয়ে ম্যাথুজ সেই সময়ের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে পারেননি। ফলে বাংলাদেশের আপিল ও ক্রিকেটের আইন মেনে তাকে ‘টাইমড আউট’ দেন আম্পায়াররা।

আগের ব্যাটার আউট হন ৩টা ৪৯ মিনিটে। ম্যাথিউজকে আউট দেন আম্পায়ার ৩টা ৫৪ মিনিটে। আম্পায়ার তাকে প্রায় দুই মিনিট গ্রেস টাইম দেন।

এর আগে রাতের শিশিরে বল করা কঠিন হবে বলে মনে করেন সাকিব। তাই টস জিতে বোলিং বেছে নেন তিনি। চলতি বিশ্বকাপে আজই প্রথমবার সুযোগ পান পেসার তানজিম সাকিব। মুস্তাফিজুর রহমানের জায়গা নেন তিনি।

শ্রীলংকা দলে দুটি পরিবর্তন আসে। দিমুথ করুনারত্নে ও দুশান হেমন্তার জায়গা নেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা। যদিও ৫ বলে মাত্র ৪ রান করে আউট হয়ে যান পেরেরা।

সাত ম্যাচের ছয়টিতে হেরে সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ হতে পরের দুটি ম্যাচ জিতবে হবে সাকিবদের। আসরের শীর্ষ সাত দল ও স্বাগতিক হিসেবে পাকিস্তান খেলবে পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। একই কারণে ম্যাচটি শ্রীলংকার জন্যও গুরুত্বপূর্ণ, যারা দুটি জয় নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে এবং এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়নি।

বিশ্বকাপে দুই দলের চারবারের মুখোমুখিতে তিনটিতে বড় ব্যবধানে জিতেছে শ্রীলংকা, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এছাড়া ৫৩টি ওয়ানডেতে মুখোমুখি হয়ে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র ৯টি, লংকানদের জয় ৪২টি।