ধীরে ধীরে এগিয়ে চলা দেশের গলফের অভিভাবক প্রতিষ্ঠানটির জন্য একটি প্রাতিষ্ঠানিক মাইলফলক।
নবনির্বাচিত বিজিএফ নির্বাহী কমিটির এ নেতৃত্বের কেন্দ্রে রয়েছেন গলফ ফেডারেশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি গলফকে এগিয়ে নিতে আগ্রহ দেখিয়েছেন। বিভিন্ন গলফ ক্লাবের সঙ্গে তার সক্রিয় সম্পৃক্ততা, তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেয়া ও গলফ কমিউনিটিকে দিকনির্দেশনা দিয়ে থাকেন তিনি।
বিজিএফের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল শাহীনুল হক। তিনি দীর্ঘদিনের একজন অভিজ্ঞ গলফার এবং বাংলাদেশের গলফ অঙ্গনের পরিচিত মুখ। সহসভাপতি (অপারেশনস) হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল মাশুদ রাযযাক (অব.)। তিনি দীর্ঘদিন ধরে গলফ সংগঠনের সঙ্গে যুক্ত এবং মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের প্রথম দিকের এশিয়ান ট্যুর আয়োজনের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।
অর্থ ও প্রশাসন বিষয়ক সহসভাপতি হিসেবে রয়েছেন হাফিজুর রহমান খান। তিনি একজন নিবেদিতপ্রাণ গলফার ও দীর্ঘদিন ধরে গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক।
ফেডারেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইয়েদ সিদ্দিকী (অব.), যিনি নতুন করে মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি বিজিএফের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেনও ছিলেন। যুগ্ম সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বর্তমানে কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন। কোষাধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মামুন-উর-রশীদ চৌধুরীর গলফের সঙ্গে সম্পর্ক আরো ভিন্নধর্মী।










