রেকর্ড সপ্তম ইউএস ওপেন ও রেকর্ড ছোঁয়া ২৪তম গ্র্যান্ড স্লামের পথে আরেকধাপ এগোলেন সেরেনা উইলিয়ামস। আমেরিকান সুপারস্টার সরাসরি ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন রাশিয়ার অবাছাই খেলোয়াড় মার্গারিতা গ্যাসপারিয়ানকে। সেরেনার জয়ের দিন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। 

আর্থার অ্যাশ স্টেডিয়ামে দর্শকহীন ম্যাচে প্রথম সেটটি সহজেই জিতে নেন ৩৮ বছর সেরেনা। দ্বিতীয় সেটে খানিকটা ভুগলেও শেষ পর্যন্ত সরাসরি সেটেই জয় নিশ্চিত হয় ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের। এবার তার সামনে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ, ২০১৭ সালের চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেনস। এ নিয়ে সেরেনা বলেন, ‘উত্তীর্ণ হতে পেরে আমি খুশি এবং এখন মনোযোগ দিতে চাই পরের রাউন্ডে।’

২৪টি গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ডটা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। তার রেকর্ড স্পর্শ করতে আর একটি শিরোপা চাই সেরেনার। এছাড়া এবার ফ্লাশিং মিডোতে শিরোপা জিতলে ক্রিস এভার্টকে টপকে এককভাবে রেকর্ডটা নিজের করে নেবেন সেরেনা।

বেশ কিছু শীর্ষ তারকা এবারের আসরে অংশ না নেয়ায় ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ তৈরি হয়েছে সেরেনার। এক নম্বর র্যাংকধারী অ্যাশলেই বার্টি ও সিমোনা হালেপ খেলছেন না। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই ক্যারোলিনা প্লিসকোভাও।

সেরেনার স্বদেশী সোফিয়া কেনিন চলতি বছরের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন। কানাডার লেইলাহ ফার্নান্দেজকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের খোঁজে খেলা কেনিন চলতি আসরে কোনো সেট হারেননি। পরের রাউন্ডে তিনি খেলবেন তিউনিসিয়ার ওনস জাবেউরের বিপক্ষে। 

ছেলেদের এককে অ্যান্ডি মারেকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিম। একপেশে ম্যাচে ২৪টি এইচ ও ৫২টি উইনার মেরেছেন ফেলিক্স। এদিকে ২০১৩ সালের পর প্রথম কোনো ভারতীয় হিসেবে গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে ওঠা সুমিত নাগালকে থামালেন ২৭তম জন্মদিন পালন করা ডমিনিক থিয়েম। 

স্পেনের গারবিনে মুগুরুজা ও ব্রিটেনের জোহানা কন্তা বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ড থেকে। 

সূত্র: এএফপি