প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে আফঈদা খন্দকার, ঋতুপর্ণাদের দল। প্রতীক্ষা শেষে এশিয়ান কাপ একেবারেই সন্নিকটে। নারী ফুটবলে এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণের এ আসরে অংশ নিতে বাংলাদেশ দল শুক্রবার রাতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। পিটার বাটলারের দলটি ঘাঁটি গেড়েছে সিডনিতে। গতকাল প্রথমবারের মতো অনুশীলনও করেছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণারা। এ শহরেই ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে স্বপ্নের আসরে অভিষেক হবে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের।

১ মার্চ শুরু হবে মেয়েদের এশিয়ান কাপ আসর। ১২ দলের এশিয়ান কাপে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। পিটার বাটলারের দল ‘বি’ গ্রুপে খেলবে নয়বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও আসরের নিয়মিত মুখ উজবেকিস্তানের বিপক্ষে। এছাড়া ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, ইরান ও ফিলিপাইন এবং ‘সি’ গ্রুপে জাপান, ভারত, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ দলের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলে ক্ষুব্ধ কোচ পিটার বাটলার। অবশ্য এ নিয়ে হতাশা ব্যক্ত না করে মাঠের লড়াইয়ে ভালো করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার। সদ্য সমাপ্ত বাংলাদেশ ফুটবল লিগে সবার খেলার মধ্যে থাকাটা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তিনি।

আফঈদা জানিয়ে দিলেন—চীন নয়, বাংলাদেশের টার্গেট উজবেকিস্তান। দেশ থেকে রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী—চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান ওরা অনেক শক্তিশালী দল। তো আমরা প্রস্তুতিতে ওভাবেই কাজ করছি। ইনশা আল্লাহ আমরা ভালো কিছু করব। প্রথম দুটি ম্যাচ খুব শক্তিশালী দলের সঙ্গে, তবে আমরা উজবেকিস্তানের বিপক্ষে ভালো কিছু করার আশা রাখছি।’

বাংলাদেশ দলে নতুন মুখ আনিকা রানিয়া সিদ্দিকী। সুইডেন প্রবাসী এ মিডফিল্ডারকে নিয়ে আফঈদা বলেন, ‘এশিয়ান পর্যায়ের লিগে ও খেলেছে। তাই আমাদের সঙ্গে মানিয়ে নিতে ওর কোনো সমস্যা হচ্ছে না। আর এশিয়া কাপের চাপ আমরা ওভাবে নিচ্ছি না। আমরা সবসময় যেভাবে খেলি, মাঠের ভেতর সেভাবেই স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করব।’

বৃহস্পতিবার রাতে রওনা দিয়ে ১৭ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে শুক্রবার রাতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করার আগে সেখানে ক্যাম্প করবেন বাটলার। মূল আসর শুরুর আগে অস্ট্রেলিয়ার স্থানীয় একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আফঈদাদের।

গ্রুপ পর্বে বাংলাদেশের মূল লক্ষ্য উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ, যা পার্থে আগামী ৯ মার্চ। এ ম্যাচ জিততে পারলে তা সরাসরি অলিম্পিক গেমসের ফুটবলে খেলার টিকিট এনে দেবে। এছাড়া আসরের সেরা ছয় দলের মধ্যে থাকলে মিলে যাবে নারী বিশ্বকাপের টিকিটও!

কোচ বাটলার অবশ্য এখনই অতদূরে তাকাতে রাজি নন। তিনি উজবেকিস্তানকে নিয়ে ভীষণ সতর্ক। বাস্তবতা মনে করিয়ে দিয়ে ইংলিশ এ কোচ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি চাই দলটি একটি বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স দেখাক। প্রতিপক্ষ উজবেকিস্তান, কোরিয়া বা চীন যে-ই হোক না কেন—মনে রাখবেন উজবেকিস্তান টেকনিক্যালি অত্যন্ত দক্ষ। তাদের অবমূল্যায়ন করা বা হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। যারা ভাবছেন, আমরা এখনই বিশ্বকাপে কোয়ালিফাই করব—তাদের বাস্তবতায় ফিরে আসা উচিত। দীর্ঘমেয়াদি উন্নতির জন্য এমন পারফরম্যান্স প্রয়োজন, যা থেকে শিক্ষা নিয়ে আমরা দুই বছর পর আবার কোয়ালিফাই করতে পারি। আর সেটি কেবল ধারাবাহিকতার মাধ্যমেই সম্ভব।’

বাংলাদেশের সামনে প্রথমেই পরাশক্তি চীন; এরপর উত্তর কোরিয়া ও শেষে উজবেকিস্তান। বাংলাদেশের তারুণ্যনির্ভর দলটি অবশ্য বড় দলগুলোকে নিয়ে ভীত নয়। আপাতত তারা সিডনিতে ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করছেন।