মঞ্চটা প্রস্তুত হয়েই ছিল। একটি উইকেটের অপেক্ষায় ছিলেন জেমস অ্যান্ডারসন। ফিল্ডাররা ভুল না করলে অনন্য উচ্চতা ছুঁতে পারতেন আরো আগে। তবে একটু দেরিতে হলেও উৎসবের উপলক্ষ্য ঠিকই খুঁজে নিয়েছেন এই কিংবদন্তী। পাকিস্তানি অধিনায়ক আজহার আলীকে ফিরিয়ে ঢুকে পড়েন টেস্ট ক্রিকেটের ৬শ উইকেটের ক্লাবে। 

এমন না যে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম এই ক্লাবে ঢুকলেন তিনি। তবে ৬শ উইকেটের ক্লাবে প্রবেশ করা তিনিই প্রথম পেসার। সে সঙ্গে ক্রিকেট ইতিহাসে নিজের অমরত্বও আরেকটু পাকাপোক্ত করে নিলেন এই ইংলিশ ম্যান। 

সে সময় ৩১ রানে ব্যাট করছিলেন আজহার। অ্যান্ডারসনের বল যতটা বাউন্স করেছিল তা  হয়তো আশা করেননি অতিথি দলের অধিনায়ক। ফলে  ক্যাচ তুলে দেন জো রুটের হাতে। তার বিদায়ের সঙ্গেই মাইলফলক স্পর্শ করার আনন্দে ভাসেন অ্যান্ডারসন। 

পেসার হিসেবে উইকেট শিকারে সবার ওপরে আগেই উঠেছিলেন তিনি। তখন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার ৫৬৩ উইকেটকে পেছনে ফেলে অপেক্ষায় ছিলেন ৬শর জন্য। এবার সেই লক্ষ্যও পূরণ করলেন। সামনে আছে অনিল কুম্বলের ৬১৯ উইকেট। সেটিও নিশ্চয় ছাড়িয়ে যেতে চাইবেন এই সুইং মাস্টার।

অন্যদিকে প্রথম দুটি স্থানে দখলে রেখেছেন মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮)। বয়স হয়তো অতদূর যেতে নাও দিতে পারে। কিন্তু এখনই যে উচ্চতায় অ্যান্ডারসন অবস্থান করছেন অতটুকুই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার যথেষ্ট।