রাজনৈতিক কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। শঙ্কা ছিল, এর ফলে বাংলাদেশ আইসিসির র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়তে পারে এবং আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও নষ্ট হতে পারে। তবে গতকাল পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে দেয়ায় র‍্যাংকিংয়ে তিন দলের মধ্য থেকে ২০২৮ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সুযোগ নিশ্চিত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও–নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে র‍্যাংকিংয়ের ভিত্তিতে।

গতকাল কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ছাড়াও সুপার এইটে উঠেছে ভারত, শ্রীলংকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইবিধি অনুযায়ী, সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপ আসরের জন্য সরাসরি জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে অন্যতম আয়োজক হিসেবে নিউজিল্যান্ডের জায়গা আগে থেকেই নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়া এবার সুপার এইটে ওঠেনি, তবে স্বাগতিক হিসেবে তাদের অংশগ্রহণও নিশ্চিত।

আইসিসি জানিয়েছে, ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের মাধ্যমে উঠে আসবে আটটি দল। বাকি ১২টির মধ্যে নয়টি ঠিক হয়েছে এবারের আসরের পারফরম্যান্স ও স্বাগতিক হওয়ার মাধ্যমে। অন্য তিনটি চূড়ান্ত হবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ভিত্তিতে। আগামী ৯ মার্চ (ফাইনালের পরদিন) র‍্যাংকিংয়ের হিসাব অনুযায়ী এ তালিকা চূড়ান্ত হবে।