সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রলে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন জস বাটলার। এ দুজনের ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে বড় সংগ্রহের আভাস দিয়ে রেখেছে স্বাগতিক ইংল্যান্ড। পাকিস্তানের জন্য ভয়ের ব্যাপার হচ্ছে দুজনই এখনো উইকেটে রয়েছে। প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৩৩২ রান।
এদিন বলতে গেলে পাকিস্তানি ব্যাটসম্যানদের একাই শাসন করেছে ক্রলে। অপরাজিত থেকে দিন শেষ করার আগে তার উইলো থেকে এসেছে ১৭১ রান। ২৬৯ বল খেলার পথে তিনি চার মেরেছেন ১৯ টি। তাকে সঙ্গ দিয়ে অপরাজিত আছেন জস বাটলারও। তার রান ১৪৮ বলে ৮৭। ৯ টি চারের সঙ্গে ২ টি ছয়ের মারও। ৫ম উইকেট জুটিতে এ দুজন মিলে করেছেন অপরাজিত ২০৫ রান।
এর আগে পাকিস্তানের শুরুটা অবশ্য ভালোই ছিল। দলীয় ১২ রানে ররি বার্নসকে ফিরিয়ে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন শাহিন শাহ আফ্রিদি। দলীয় ৭৩ রানে ডম সিবলিকে ফেরান ইয়াসির শাহ। ২২ রান করেন সিবলি। ২৯ রান করা জো রুটকে ফেরান নাসিম শাহ। তখন ইংল্যান্ডের রান ১১৪। ৩ রান করে ফিরেন ওলে পোপও। তাকেও ফেরান ইয়াসির। এরপর দিনের বাকি সময় পাকিস্তানকে নিরাশ করেন ক্রলে ও বাটলার জুটি।










