কুইক সেতিয়েনকে বরখাস্ত করার দুইদিন পর নতুন কোচ বেছে নিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লিওনেল মেসিদের কোচের দায়িত্ব পেয়েছেন ক্লাবটির সাবেক খেলোয়াড় রোনাল্ড কোম্যান।
নেদারল্যান্ডস জাতীয় দলের চাকরি ছেড়ে বার্সেলোনায় গেলেন ৫৭ বছর বয়সী কোম্যান। ডাচদের সঙ্গে চুক্তির মেয়াদ এখনো দুই বছর বাকি ছিল তার। বার্সার সঙ্গেও ঠিক দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন কোম্যান। এ সময় কাতালানদের চারটি লিগ শিরোপা ও একটি ইউরোপিয়ান কাপ জিততে সাহায্য করেন ডাচ তারকা। ১৯৯২ সালে পুরনো ওয়েম্বলিতে ইউরোপিয়ান কাপ ফাইনালে সাম্পদোরিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের ফ্রি-কিকের গোলে তিনিই শিরোপা এনে দিয়েছিলেন বার্সাকে। ওটাই ছিল বার্সার প্রথম ইউরোপিয়ান মুকুট।
গত মৌসুমে লা লিগায় দ্বিতীয় হয়েছে বার্সেলোনা, শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় কাতালান জায়ান্টরা। ফলে ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম মৌসুমে কোনো শিরোপাই জিততে ব্যর্থ হয় স্প্যানিশ দলটি। এ ব্যর্থতায় চাকরি যায় সেতিয়েনের। তার জায়গায় কাতালানদের ডাগআউটে এবার দেখা যাবে ভ্যালেন্সিয়া, সাউদাম্পটন ও এভারটনের সাবেক কোচ কোম্যানকে।
কোচের পর মঙ্গলবার বিদায় নেন বার্সার টেকনিক্যাল ডিরেক্টর এরিক আবিদাল। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন র্যামন প্লানেস, যিনি ছিলেন আবিদালেরই সহকারী।
সূত্র: বিবিসি










