বেঙ্গালুরুতে আজ শ্রীলংকাকে ১৭১ রানে অলআউট করে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিং করতে নামা লংকানরা ৭০ রানে ৫ উইকেট হারায়। সেই ক্ষত আর কাটিয়ে উঠতে পারেনি কুশল মেন্ডিসের দল। শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে ৪৬.৪ ওভারে ১৭১ রানে অলআউট সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় ওভারেই পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরান টিম সাউদি। এরপর কুশল পেরেরা ও কুশল মেন্ডিস ৪ ওভারে ৩০ রান তুলে ভালো সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলেন। যদিও ট্রেন্ট বোল্টের বলে কুশল মেন্ডিস আউট হয়ে গেলে সেই সম্ভাবনা ধাক্কা খায়। বোল্ট (৩/৩৭), লোকি ফার্গুসন (২/৩৫), মিচেল স্যান্টনার (২/২২) ও রাচিন রবীন্দ্র (২/২১) নিয়মিত ব্যবধানে উইকেট নেন।

কুশল পেরেরা মাত্র ২২ বলে ফিফটি করেছেন। যদিও ইনিংসটি বড় করতে পারেননি তিনি। ২৮ বলে ৫১ রান করে সাজঘরের পথ ধরেন এই বামহাতি ব্যাটার। এরপর কিউইদের পেস-স্পিনে এলোমেলো লংকা শিবির। ১২৮ রানে ৯ উইকেট পতনের পর দশম উইকেটে মহিশ থিকসানা ও দিলশান মাদুশঙ্কা ৮৭ বলে ৪৩ রান যোগ করে স্কোরটা ভদ্রস্থ করেন।

দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের লক্ষ্য চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা, আর শ্রীলংকার চোখ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করা কিউইরা আজ জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে। আর হারলেই বিপদ। তখন তাদের টপকে সেমিতে যাওয়ার সুযোগ নিতে পারে পাকিস্তান কিংবা আফগানিস্তান। পরের দুটি দলেরও সংগ্রহ সমান ৮ পয়েন্ট করে। অবশ্য কিউইরা হেরেও শেষ চারে উঠবে, যদি পাকিস্তান ও আফগানিস্তান তাদের শেষ ম্যাচ জিততে না পারে। আফগানিস্তান আগামীকাল আহমেদাবাদে মুখোমুখি হবে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা দক্ষিণ আফ্রিকার, পরদিন কলকাতায় পাকিস্তান খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।  

নিট রানরেটে এখন ভালো অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড (০.৩৯৮)। এরপর  পাকিস্তান (০.০৩৬) ও আফগানিস্তান (-০.৩৩৮)। এই তিন দলই নিজেদের শেষ ম্যাচ জিতে গেলে কিংবা তিন দলই হেরে গেলে তখন আসবে নিট রানরেটের হিসাব। এখানে এগিয়ে থাকবে কিউইরা। তবে কোনো দল হেরে গেলেই অন্য কোনো দল জয় তুলে সেমিতে যাওয়ার সুযোগটা লুফে নিতে পারে।