মাহেন্দ্র সিং ধোনির পর অবসরের সিদ্ধান্ত জানালেন আরেক ভারতীয় ক্রিকেট তারকা সুরেশ রায়নাও। ধোনির কাছাকাছি থাকা ক্রিকেটারদের একজন ছিলেন রায়না। একসঙ্গে খেলেছেন আইপিএলের দলেও। যদিও অনেক দিন ধরে আর দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি। ধোনির মতো রায়নাও নিজের অবসরের সিদ্ধান্ত জানানোর জন্য বেছে নিয়েছেন ইনস্টাগ্রামকে এবং ধোনিকে স্মরণ করেই জানালেন নিজের সিদ্ধান্তের কথা।
নিজের পোস্টে রায়না লিখেন, ‘তোমার সঙ্গে খেলাটা দারুণ ব্যাপার ছিল মাহি (ধোনি), আমার হৃদয় গর্বে ভরে যাচ্ছে, আমিও তোমার সঙ্গে যাত্রায় সঙ্গী হচ্ছি। ধন্যবাদ ভারত।’
অবশ্য ধোনির মতো ধরে নেয়া হচ্ছে রায়নাও হয়তো কেবল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে আরো কিছু দিন নিশ্চয় খেলা চালিয়ে যাবেন তিনিও।
দীর্ঘ সময় ভারতের সংক্ষিপ্ত ফরম্যাটের দলে নিয়মিত মুখ হয়ে থাকা রায়না খেলেছেন ২২৬টি ওয়ানডে, ৭৮টি টি-২০ ও ১৮টি টেস্ট। ২২৬ ওয়ানডেতে ৩৫.৩১ গড়ে তার রান ৫৬১৫। টি ২০তে ২৯.১৮ গড়ে করেছেন ১৬০৫ রান। সর্বশেষ ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলেছেন ২০১৮ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে।










