২০০৭ সালের আসরে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান তুলেছিল শ্রীলংকা, যা এতদিন ধরে সর্বোচ্চ স্কোর হিসেবে টিকে আছে। চলতি আসরে ওমানের বিপক্ষে ২৩৫ রান করে দুইয়ে উঠেছিল আয়ারল্যান্ড। গতকাল তাদের তিনে ঠেলে দিয়ে দুইয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ।
এটা ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রান তুলেছিল ক্যারিবীয়রা। এছাড়া ২০২৫ সালে ব্রিডিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫৬ রান করার কীর্তি আছে তাদের।
গতকাল উইন্ডিজের হয়ে শিমরন হেটমায়ের ৩৪ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিতে মুখ্য ভূমিকা রাখেন। ৭টি চার ও ৭টি ছক্কায় ইনিংসটা সাজান তিনি। সেঞ্চুরির দারুণ সুযোগ থাকলেও তিনি গ্রায়েম ক্রেমারের শিকার হয়ে ফেরেন সাজঘরে।
এছাড়া সাবেক অধিনায়ক রভম্যান পাওয়েল ৩৫ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৯ রান, শেরফান রাদারফোর্ড ১৩ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩১, রোমারিও শেফার্ড ১০ বলে ৩ ছক্কায় ২১ ও জেসন হোল্ডার ৪ বলে ২ ছক্কায় ১৩ রান করেন।
জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।
বিশাল এ রান তাড়া করতে নেমে ১৪৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০৭ রানে।
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠে জিম্বাবুয়ে। গতকাল তারা আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামলেও টি-টোয়েন্টির পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজের শৌর্যের কাছে পাত্তাই পেল না সিকান্দার রাজার দল।
বেশকিছু রেকর্ড গড়ে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ইনিংসে ছক্কা ছিল ১৯টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথ সর্বোচ্চ। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯টি ছক্কা মারে নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটি শিমরন হেটমায়ারের (১৯ বলে)। ২২ বলে ফিফটি করার নিজের রেকর্ডই ভেঙেছেন তিনি। এবারের বিশ্বকাপে শিমরন হেটমায়ারের ছক্কা ১৭টি, যা এক বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে হেটমায়ারের সতীর্থ নিকোলাস পুরানও মেরেছিলেন ১৭টি ছক্কা।
এদিকে আজ সুপার এইটে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।










