নারী এশিয়ান কাপে স্বাগতিক অস্ট্রেলিয়ার হৃদয় ভেঙে শিরোপা জিতেছে জাপান। ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে তারা। সিডনির স্টেডিয়ামে টুর্নামেন্টের রেকর্ড ৭৪ হাজার ৩৯৭ দর্শকের সামনে স্বাগতিকদের কাঁদাল মূলত মাইকা হামানো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেছেন তিনি। ম্যাচের ১৭তম মিনিটে বক্সের প্রান্ত থেকে নেওয়া তার জোরালো শটই ফল নির্ধারণ করেছে।

অস্ট্রেলিয়া বেশ কয়েকটি সুযোগ পেলেও জাপানের বিপক্ষে টানা তৃতীয়বারের মতো ফাইনালে হার এড়াতে পারেনি। এর আগে ২০১৪ ও ২০১৮ সালের ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে তারা হেরেছিল। এ পরাজয়ের ফলে প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার শিরোপা খরা আরও দীর্ঘ হলো। তাদের একমাত্র সাফল্য এসেছে সেই ২০১০ সালে।

প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে অন্তত তিনটি ভালো সুযোগ নষ্ট করেন আর্সেনালের উইঙ্গার কেইটলিন ফোর্ড। এর মধ্যে সেরা সুযোগটি আসে জাপানের গোলরক্ষক আয়াকা ইয়ামাশিতার ভুল পাস থেকে। কিন্তু কোনাকুনি শটে বল পোস্টের বাইরে পাঠান তিনি।

পুরো ম্যাচে ২০১০ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সমানে সমান লড়াই করলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তাদের হতাশ হতে হয়েছে। দলটির রেকর্ড গোলদাতা স্যাম কারকে কড়া মার্কিংয়ে আটকে রাখে জাপানের রক্ষণভাগ। অন্যদিকে একাধিক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন আরেক স্ট্রাইকার ক্যাটলিন ফোর্ড।

ম্যাচের শেষ ১০ মিনিটে স্বাগতিক দর্শকরা সমস্বরে গর্জে উঠলে একের পর এক আক্রমণ চালায় 'ম্যাটিল্ডাস'রা। বদলি খেলোয়াড় এমিলি ভ্যান এগমন্ডের দুটি শট রুখে দেয় জাপানি ডিফেন্ডাররা। একদম শেষ মুহূর্তে এলি কার্পেন্টারের ক্রস থেকে আলানা কেনেডির হেডটি দুর্দান্তভাবে সেভ করেন জাপানি গোলরক্ষক আয়াকা ইয়ামাশিতা।