উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ইন্টার মিলানকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে সেভিয়া। কোলনে শিরোপা লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। কিন্তু ইউরোপায় সবসময় ফেভারিট সেভিয়ার সঙ্গে পেরে উঠেনি ইতালিয়ান ক্লাব ইন্টার। হার মানতে হয়েছে ৩-২ গোলের ব্যবধানে। এটি প্রতিযোগিতায় সেভিয়ার ৬ষ্ঠ শিরোপা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে মাঠ মাতায় ইন্টার ও সেভিয়ার ফুটবলাররা। শুরুতেই তারা উত্তাপময় এক ম্যাচের আভাস দেয়। প্রথম হাসিটা অবশ্য ইন্টারই হেসেছিল। সেভিয়া ডি বক্সে ফাউলের শিকার হন রোমেলো লুকাকু। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পট কিকে লুকাকুই বল জালে জড়ান।
যদিও এই আনন্দ স্থায়ী হয়নি ইন্টারের। ১২ মিনিটে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরায় সেভিয়া। জেসাস নাভাসের অ্যাসিস্টে দুর্দান্ত এক হেডে গোল করেন লুক ডি জং। ম্যাচে সমতা ফিরলেও দু দল আক্রমণের ধার কমায়নি। একের পর এক আক্রমণে দুই দলই ম্যাচ জমিয়ে রাখে। তবে ৩৩ মিনিটে এভার বানেগার ফ্রি কিকে মাথা ছুঁয়ে সেভিয়াকে এগিয়ে দেন জং।
উৎসবে মাতে সেভিয়া শিবির। উৎসব অবশ্য দুই মিনিট পরেই থেমেছে। এবার ইন্টারের হয়ে ফ্রি কিক থেকে হেডে দারুণ এক গোল করে সমতা ফেরান ডিয়েগো গডিন। প্রথমার্ধের শেষ মুহূর্তে অবশ্য ইন্টার গোলরক্ষক বাধা না হয়ে দাঁড়ালে তৃতীয় গোল পেতে পারত সেভিয়া।
বিরতির পর ৫২ মিনিটে ইন্টারের দারুণ এক প্রচেষ্টা রুখে দেয় সেভিয়া ডিফেন্স। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথমার্ধের সেই উত্তাপের দেখা মেলেনি। দু দলই খেলছিল কিছুটা সতর্ক হয়ে। ছোট ছোট পাসে চেষ্টা করছিল আক্রমণ গড়ার। আক্রমণ ও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি হচ্ছিল, তবে তা আলোর মুখ দেখছিল না।
অবশ্য ম্যাচের ৭৪ মিনিটে অবিশ্বাস্য এক গোলে ইন্টারকে স্তব্ধ করে দেয় সেভিয়া। ফ্রি কিক থেকে পাওয়া বলে দারুণভাবে ওভারহেড কিক করেন ডিয়েগো কার্লোস। বল বাইরের দিকেই যাচ্ছিল। কিন্তু লুকাকুর পায়ে লেগে সেটি দিক বদলে ইন্টারের জালে জড়ালে সেভিয়া লিড নেয় ৩-২ গোলের। ৮২ মিনিটে জুলেস কুন্ডে গোল লাইন থেকে বল না ফেরালে সমতা ফিরিয়েই ফেলেছিল ইন্টার। এরপর শেষ পর্যন্ত আর কোন গোল না হলে শিরোপা জিতেই মাঠ ছাড়ে সেভিয়া।










