কভিড-১৯ মহামারীর মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় শুরু হলো ইউএস ওপেন টেনিস। সোমবার (৩১ আগস্ট) প্রথম দিন দুর্দান্ত জয়ে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশন শুরু করলেন পুরুষ এককে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। বসনিয়ার দামির জুমুরকে তিনি হারান ৬-১, ৬-৪, ৬-১ গেমে।

রাফায়ের নাদাল ও রজার ফেরেদারের অনুপস্থিতিতে এবারের ইউএস ওপেনে হট ফেবারিট ৩৩ বছর বয়সী জোকোভিচ। সার্বিয়ান তারকা শুরুতেই জানান দিলেন, কেন তিনি ফেবারিট। যদিও নাদাল ও ফেদেরারবিহীন এবারের আসরে তাকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ কিংবা গ্রিসের স্তেফানোস সিসিপাস। এ দুই উদীয়মান তারকাও প্রথম রাউন্ডে জিতেছেন। 

এদিকে হারের শঙ্কা জাগিয়েছিলেন নারী এককে চতুর্থ বাছাই নাওমি ওসাকা। যদিও স্বদেশী মিসাকি দোইয়ের বিপক্ষে ৬-২, ৫-৭, ৬-২ গেমের জয় নিয়ে তিনি কোর্ট ছাড়েন।  

ওসাকা জিতলেও আরেকটি গ্র্যান্ড স্লামের স্বপ্ন শেষ হয়ে গেল টিনএজ তারকা কোকো গাফের। তাকে হারিয়েছেন আনাস্তাসিয়া সেভাস্তোভা। প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন শীর্ষ বাছাই ক্যারোলিনা প্লিসকোভা ও ষষ্ঠ বাছাই পেত্রা কেভিতোভা।

কব্জির চোটের কারণে গত শনিবার ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনের ফাইনাল খেলেননি ২২ বছর বয়সী ওসাকা। সোমবার জয় শেষে তিনি জানান, ইউএস ওপেন শুরুর আগে ফিটনেস নিয়ে মানসিক চাপে ছিলেন। যদিও ৮১ র্যাংকধারী মিসাকির বিপক্ষে খেলার সময় তাকে কোনে পট্টি বাধতে হয়নি কিংবা মেডিকেল চিকিত্সাও নিতে হয়নি। জয় শেষে ওসাকা, ‘এটা ছিল কঠিন (শারীরিকভাবে)। আমি জানতাম, ম্যাচ লম্বা হতে পারে। দেখি আগামীকাল (মঙ্গলবার) কী হয় ও আমার কেমন লাগে।’

গত বছর উইম্বলডন ওপেনের শেষ ষোলোয় ওঠার পর ঘরের মাঠে ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে ও ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থ রাউন্ডে খেলেন কোকো। এবার তাকে ঘিরে ছিল বড় আশা। যদিও পারলেন না ৫১ র‌্যাংকধারী আমেরিকান তারকা, এবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন। ৩০ বছর বয়সী সেভাস্তোভার কাছে ৩-৬, ৭-৫, ৪-৬ গেমে হারলেন ১৬ বছর বয়সী কোকো। ২০১৮ সালের সেমিফাইনালিস্ট ও দুবারের কোয়ার্টার ফাইনালিস্ট সেভাস্তোভা দ্বিতীয় সেটে সামান্য ব্যবধানে পরাজিত হওয়ার হতাশা ভুলে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই কোর্ট ছাড়েন।

ইউক্রেনের আনহেলিয়া কালিনিনার বিপক্ষে ৬-৪, ৬-০ গেমের দাপুটে জয় দিয়ে এবারের ইউএস ওপেন শুরু করলেন চেক তারকা প্লিসকোভা। অ্যাশলেই বার্টি ও সিমোনা হালেপের অনুপস্থিতিতে শীর্ষ বাছাইয়ের সম্মান পাওয়া ক্যারোলিনা দ্বিতীয় রাউন্ডে খেলবেন ক্যারোলিন গার্সিয়ার বিপক্ষে। 

কেভিতোভা ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন রোমানিয়ার ইরিনা-ক্যামেলিয়া বেগুকে। সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার হারিয়েছেন অস্ট্রেলিয়ার আইলা টমলিয়ানোভিচকে।   

সূত্র: বিবিসি