বেঙ্গালুরুতে আজ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার আশায় খেলতে নামা নিউজিল্যান্ড
শ্রীলংকার বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে। দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত
গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের লক্ষ্য চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত
করা, আর শ্রীলংকার চোখ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করা কিউইরা আজ জিতলে সেমিফাইনাল প্রায়
নিশ্চিত হয়ে যাবে। আর হারলেই বিপদ। তখন তাদের টপকে সেমিতে যাওয়ার সুযোগ নিতে পারে
পাকিস্তান কিংবা আফগানিস্তান। পরের দুটি দলেরও সংগ্রহ সমান ৮ পয়েন্ট করে। অবশ্য
কিউইরা হেরেও শেষ চারে উঠবে, যদি পাকিস্তান ও আফগানিস্তান তাদের শেষ ম্যাচ জিততে
না পারে। আফগানিস্তান আগামীকাল আহমেদাবাদে মুখোমুখি হবে এরই মধ্যে সেমিফাইনাল
নিশ্চিত করে ফেলা দক্ষিণ আফ্রিকার, পরদিন কলকাতায় পাকিস্তান খেলবে ইংল্যান্ডের
বিপক্ষে।
নিট রানরেটে এখন ভালো অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড (০.৩৯৮)। এরপর পাকিস্তান (০.০৩৬) ও আফগানিস্তান (-০.৩৩৮)। এই
তিন দলই নিজেদের শেষ ম্যাচ জিতে গেলে কিংবা তিন দলই হেরে গেলে তখন আসবে নিট
রানরেটের হিসাব। এখানে এগিয়ে থাকবে কিউইরা। তবে কোনো দল হেরে গেলেই অন্য কোনো দল
জয় তুলে সেমিতে যাওয়ার সুযোগটা লুফে নিতে পারে।
আজ তাই পাকিস্তান ও আফগানিস্তান উভয় দলের খেলোয়াড়দের চোখ থাকবে
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই দুটি দলই নিউজিল্যান্ডের হারের প্রার্থনা
করবে। কেন উইলিয়ামসনের দল হারলেই তাদের সম্ভাবনা টিকে থাকবে।
নিউজিল্যান্ডের
বিপক্ষে সর্বশেষ ২০ ওয়ানডেতে মুখোমুখি হয়ে মাত্র তিনটিতে জিতেছে শ্রীলংকা। অবশ্য
বিশ্বকাপে ১১ বারের মোকাবেলায় লংকানরা ৬টি জিতে এগিয়ে রয়েছে। কিউইদের জয় ৫টি।
নিউজিল্যান্ড
একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক
চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, টিম সাউদি,
ট্রেন্ট বোল্ট।
শ্রীংলংকা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা,
চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহিশ
থিকসানা, দুশমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।










