টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। একই সঙ্গে একটি রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপার জেতার নজির গড়ল ভারত। এছাড়া দুবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। আর একবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া।
ফাইনালে পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি নিউজিল্যান্ডের। পাওয়ার প্লের ৬ ওভার শেষ হতেই সাজঘরের পথ ধরেন তিনজন ব্যাটার। খানিক পরে আউট হন আর একজন। আউট হওয়ার আগে ফিন অ্যালেন ৯, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ এবং মার্ক চ্যাপম্যান ৩ রান করেন।
নিয়মিত উইকেট পতনের পরও আপনতালে খেলে যান ওপেনার টিম সেইফার্ট। মাত্র ২৬ বলে ৫২ রান করে আউট হন তিনি। তার এই অনবদ্য ইনিংসটি দুটি চার ও পাঁচটি ছয়ে সাজানো। এছাড়া ড্যারেল মিচেল আউট হওয়ার আগে করেন ১৭ রান। এরপর দলনেতা মিচেল স্যান্টনার ছাড়া সুবিধা করতে পারেননি কেউই। ৩৫ বলে ৪৩ রানের ইনিংসটি খেলেন তিনি। এছাড়া জেমস নিশাম ৮, ম্যাট হেনরি শূন্য, লকি ফার্গুসন ২ ও জ্যাকব ডাফি ১ রান করেন। নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়।
এর আগে এর আগে আহমেদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার জেমস নিশাম। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন।










