সুপার ওভারে নাটকীয় জয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে
সিরিজে সমতা আনল বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সুপার
ওভারের শেষ বলে ২ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। নাসরা সান্ধুর ষষ্ঠ বলটিকে লং-অফ
অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা।
সুপার ওভারে নাহিদা আক্তারের করা ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে
ফেরেন ইরাম জাভেদ। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন বিসমাহ মারুফ। পরের দুই বল থেকে ৬ রান
তুলে নেন আলিয়া রিয়াজ। পঞ্চম বলে রানআউট বিসমাহ। পাকিস্তান পায় ৭ রানের পুঁজি
(৭/২)।
বাংলাদেশকে জেতানোর ভার পড়ে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ওপর।
সান্ধুর করা প্রথম বলেই বাউন্ডারি মেরে মোস্তারি এগিয়ে রাখেন বাংলাদেশকে। যদিও
পরের দুই বল থেকে তিনি নিতে পারলেন ১ রান। চতুর্থ বলে স্বর্ণা নেন ১ রান। শেষ ২
বলে ২ রান লাগলেও বাউন্ডারি হাঁকাতে গিয়ে বোল্ড মোস্তারি। তখন ম্যাচের ভাগ্য দুলছিল
পেন্ডুলামের সুতোর মতোই। কী হবে, কেউ জানে না।
ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের বিশ্বস্ত নাম নিগার। প্রচণ্ড চাপের মুখে তিনি সান্ধুর বলটিকে মাথার উপর দিয়ে তুলে মেরে সীমানা পার করে আনন্দে ভাসান বাংলাদেশ দলকে। জয় নিশ্চিত হওয়ার সাথে সাথে লাল-সবুজ জার্সিধারীরা সবাই মাঠে নেমে নিগারকে ঘিরে আনন্দে মেতে ওঠেন।
এর আগে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ নিগার (৫৪) ও ফারজানা হকের
(৪০) ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৬৯ রান তুলতে সমর্থ হয়। জবাব দিতে নেমে বাংলাদেশের
শক্ত বোলিংয়ের মুখে ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নিদা দারের দল।
শেষ ওভারে ১ উইকেট হাতে নিয়ে ৩ রানের প্রয়োজন ছিল পাকিস্তানের।
স্পিনার ফাহিমা খাতুন দিলেন ২ রান। ম্যাচ সমতায় আসার পর শেষ ২ বলে অতিথি দলের
প্রয়োজন পড়ে মাত্র ১ রান। কিন্তু নাসরা সান্ধুকে রানআউট করে দিয়ে ম্যাচটি ‘টাই’ করার
কৃতিত্ব দেখায় বাংলাদেশ। ৫০ ওভারশেষে বাংলাদেশের স্কোর ছিল ১৬৯/৯; পাকিস্তান ৪৯.৫
ওভারে ১৬৯ রানে অলআউট।
রাবেয়া খান ২৯ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন মারুফা
আক্তার, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফাহিমা খাতুন।
মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। আজ সুপার
ওভারে জিতল বাংলাদেশ। এই জয়ে ১-১-এ সমতা আনল স্বাগতিকরা। শুক্রবার একই মাঠে সিরিজের
তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজের মীমাংসা হবে। এর আগে চট্টগ্রাম তিন ম্যাচের টি২০ সিরিজ
জিতে নেয় বাংলাদেশ।
এই সিরিজটা আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। এটা ১১ ম্যাচ
বাংলাদেশের দ্বিতীয় জয়। ১০ দলের লড়াইয়ে নিগারের দল রয়েছে টেবিলের আট নম্বরে। পাকিস্তান
১৪ ম্যাচের ৭টি জিতে টেবিলের দুইয়ে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।










