গতকাল পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয় হ্যারি ব্রুকের দল। জবাব দিতে নেমে সিংহলিজরা ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯৫ রানে অলআউট হয়ে যায়। গতকাল রাতের ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বোলাররা দুর্দান্ত পারফর্ম করে জিতিয়েছেন ইংল্যান্ডকে। দুই পেসার জোফরা আর্চার (২/২০) ও জেমি ওভারটন (১/১৩) তিনটি উইকেট নেন। এছাড়া সাতটি উইকেট ভাগাভাগি করেন তিন স্পিনার—উইল জ্যাকস (৩/২২), আদিল রশিদ (২/১৩) ও লিয়াম ডসন (২/২৭)। ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিংহলিজরা।
শ্রীলংকার স্পিনবান্ধব উইকেটে সতর্কভাবে শুরু করলেও চতুর্থ ওভারে জস বাটলারকে (১৪ বলে ৭) হারায় ইংল্যান্ড। বামহাতি অর্থোডক্স স্পিনার দুনিত ভেল্লালাগের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। আরেক স্পিনার মহিস থিকসানার বলে শর্ট থার্ডম্যান অঞ্চলে দিলশান মদুশঙ্কাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান জ্যাকব বেথেল। ইংলিশরা পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান তুলতে সমর্থ হয়।
এরপর রানআউটের শিকার হন টম ব্যান্টন। দশম ওভারের শেষ বলে অধিনায়ক হ্যারি ব্রুককে হারায় ইংলিশরা। দুনিতের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬৮/৪।
স্যাম কারানও দ্রুত সাজঘরের পথে হাঁটেন। পরে ফিল সল্টের ব্যাটে ভর করে একশ পেরিয়েছে ইংলিশরা। একশর পরপরই বিদায় নেন সল্টও। তিনি ৪০ বলে ৬২ রান করেন ৬ বাউন্ডারি ও ২ ছক্কায়। এরপর উইল জ্যাকস (২১) আর জেমি ওভারটনের (১০) ব্যাটে ভর করে ১৪৬ রানের পুঁজি পায় ইংল্যান্ড। দুনিত ২৬ রানে ৩টি এবং থিকসানা ও দিলশান মদুশঙ্কা ২টি করে উইকেট নেন। বোলাররা ভিত গড়ে দিলেও ব্যাটাররা পারেননি এই রান চেজ করে শ্রীলংকাকে জেতাতে।
গতকাল রাতে আহমেদাবাদে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ভারতকে ১৮৮ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান তোলে প্রোটিয়ারা। শুরুতে বিপর্যস্ত প্রোটিয়ারা ২০ রানে ৩ উইকেট হারানোর পরও ডেভাল্ড ব্রেভিস ও ডেভিড মিলারের দৃঢ়তায় ১০ ওভারে ৮০ রান পেরিয়ে যায়। তাদের ১০০ রান আসে ৬৭ বলে। উড়তে থাকা ব্রেভিসকে আউট করে দুজনের ৯৭ রানের জুটি ভাঙেন শিবম দুবে। ২৯ বলে ৪৫ রান করেন ব্রেভিস। এরপর ডেভিড মিলার (৩৫ বলে ৬৩) ও ত্রিস্তান স্টাবসের (২৪ বলে ৪৪*) ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়ে যায় প্রোটিয়ারা। জশপ্রীত বুমরাহ তিনটি ও অর্শদীপ সিং দুটি উইকেট নেন। জবাব দিতে নেমে ভারত ১১১ রানে গুটিয়ে যায়। মার্কো ইয়ানসেন চারটি, কেশব মহারাজ তিনটি ও করবিন বশ দুটি উইকেট নেন।










