সোমবার দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব আল হাসান। এতে বিশ্বকাপই শেষ হয়ে গেল তার। আগামী শনিবার পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তাই খেলতে পারবেন না বাংলাদেশ দলনায়ক।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের এই খবর জানিয়েছে। সাকিবের বদলি হিসেবে অজিদের বিপক্ষে শেষ ম্যাচের আগে কাউকে নেয়া হবে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

 

দিল্লিতে শ্রীলংকা আগে ব্যাটিং করে ২৭৯ রানে অলআউট হয়। সাকিব নেন দুই উইকেট। পরে বাংলাদেশ ৩ উইকেটের জয় তুলে নেয়। নাজমুল হোসেন শান্ত ও সাকিব মিলে তৃতীয় উইকেট জুটিতে ১৬৯ রান তুলে দলের জয় নিশ্চিত করেন। এ পথে সাকিব খেলেন ৬৫ বলে ৮২ রানের ইনিংস। ব্যাটিংয়ের সময়ই চোট পান সাকিব। ম্যাচে ব্যাট-বলে অবদান রেখে সেরা খেলোয়াড় হন বাংলাদেশ দলনায়ক।

 

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘ইনিংসের শুরুর দিকে সাকিবের বাম হাতের তর্জনীতে বল লাগে। তবে ব্যথানাশক ওষুধ নিয়ে ও সহায়ক টেপ পেচিয়ে ব্যাটিং চালিয়ে নেন তিনি। ম্যাচ শেষে দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে তার ওই আঙুলের কড়ির মাঝে চিড় ধরা পড়ে। এখান থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। পুনর্বাসন প্রক্রিয়া শুরুর জন্য তিনি আজই বাংলাদেশের জন্য রওনা হবেন।’

 

বিশ্বকাপ চলাকালে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশে আসবেন সাকিব। ২৪ অক্টোবর মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার পর সতীর্থদের সঙ্গে কলকাতায় না গিয়ে তিনি ঢাকায় ফেরেন শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে দিক্ষা নিতে। যদিও এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ দলনায়ক। এবার অবশ্য আর ফিরবেন না তিনি।

 

বিশ্বকাপ শেষ হওয়ার পরই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ সিলেটে শুরু হবে ২৮ নভেম্বর। সেই ম্যাচে অনিশ্চিত সাকিবের খেলা।

 

চলতি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার চোটে পড়লেন সাকিব। ঊরুর পেশির চোটে পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি সাকিব। এবার শেষ ম্যাচেও অধিনায়ককে পাবে না বাংলাদেশ। তার অনুপস্থিতিতে হয়তো নাজমুল হোসেন শান্তর কাঁধেই পড়বে নেতৃত্বের ভার।

 

৩৬ বছর বয়সী সাকিব বর্তমানে আইসিসির ওয়ানডে ও টি২০’র এক নম্বর অলরাউন্ডার। টেস্টে তিনি আছেন দুইয়ে।