শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন। দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বিশ্বকাপে রেকর্ড হারের পর দুর্নীতির অভিযোগ এনে ক্রিকেট বোর্ডকে পদত্যাগ করার আহ্বান জানানোর পর রোববার (৫ নভেম্বর) পদত্যাগ করেন তিনি।

মোহন ডি সিলভা এএফপিকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। যেখানে তিনি হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন। গত সপ্তাহে বিশ্বকাপের ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩০২ রানের অপমানজনক হারের পর ভক্ত সমর্থকের পাশাপাশি ক্রীড়ামন্ত্রী রানাসিংহের ক্ষোভের মুখে পড়ে লঙ্কান বোর্ড। লঙ্কান মন্ত্রীর মতে পদে থাকার কোনো নৈতিকতা বা নৈতিক অধিকার নেই শ্রীলঙ্কান ক্রিকেট কর্মকর্তাদের। তিনি বলেন, তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ।

ডি সিলভা বলেন, তিনি অস্ট্রেলিয়ায় নিয়মিত চেকআপে রয়েছেন এবং বোর্ডের নির্বাচিত পদ থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড নিয়ে বিতর্ক দানা বাঁধায় তার মধ্যে চাপ ও উদ্বেগ বেড়ে গেছে। পরিবারের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবারে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে মাত্র ১৪ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৫৫ রানেই অল আউট হয়ে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রান করার রেকর্ডে নাম লেখায় দ্বীপরাস্ট্রটি। 

এমন পরিস্থিতিতে গতকাল শনিবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্যদের কাছে চিঠি লিখেন রানাসিংহে। লঙ্কান গণমাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে লঙ্কান মন্ত্রী লিখেছেন, খেলোয়াড়দের শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা, ব্যবস্থাপনা দুর্নীতি, আর্থিক অসদাচরণ এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নিমজ্জিত শ্রীলঙ্কান ক্রিকেট।

এর আগে লঙ্কান বোর্ডের ব্যাপক দুর্নীতি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের পরও আইসিসির চাপে পড়ে সেটি প্রত্যাহর করেন ক্রীড়া মন্ত্রী। বিষয়টিকে রাজনৈতিক হস্তক্ষেপ বলে মন্তব্য করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বোর্ডের একটি সূত্র জানায়, বিশ্বকাপে ভারতের কাছে এমন পরাজয়ের ব্যাখ্যা চেয়ে কোচিং কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছে লংকান কর্তৃপক্ষ।