ইউএস ওপেনে শিরোপা ধরে রাখার মিশনে ছুটছেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। শুক্রবার রাতে ২০২১ আসরের রানারআপ কানাডার লেইলাহ ফার্নান্দেজকে ৬-২, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেছেন শীর্ষ বাছাই খেলোয়াড়টি।

২০১৪ সাল থেকে সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুটি ইউএস ওপেন শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছেন ২৭ বছর বয়সী সাবালেঙ্কা।

শেষ ষোলোয় স্পেনের ক্রিস্টিনা বুকসার মুখোমুখি হবেন সাবালেঙ্কা। বেলজিয়ামের এলিস মের্টেনসকে ৩-৬, ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের শেষ ষোলোয় নাম লিখিয়েছেন ২৮ বছর বয়সী বুসকা।

এদিকে দুই চেক তারকার কাছে হেরে বিদায় নিয়েছেন ইতালির জেসমিন পাওলিনি ও স্পেনের এমা নাভারো। পাওলিনিকে ৭-৬ (৭-৪), ৬-১ গেমে হারান ২০২৩ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেতা ভনদ্রোসোভা এবং নাভারোকে ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে হারান ২০২৪ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন বারবোরা ক্রেসিকোভা। গতবারের ফাইনালিস্ট জেসিকা পেগুলা ৬-১, ৭-৫ গেমে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে শেষ ষোলোয় নাম লিখিয়েছেন। ২০২১ সালের চ্যাম্পিয়ন এমা রাদুকানুকে ৬-১, ৬-২ গেমে গুঁড়িয়ে বিদায় করেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা।

শুক্রবার স্পেনের কার্লোস আলকারাজ, জার্মানির আলেক্সান্ডার জেরেভ, যুক্তরাষ্ট্রের কোকো গাফ, আমান্ডা আনিসিমোভা, টমি পল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন।