মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে নির্ভীক আফগানিস্তান। টস জিতে আগে ব্যাটিং বেছে নেয়া আফগানরা ইব্রাহিম জাদরানের ১২৯ রানের হার না মানা ইনিংসে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯১ রান তুলেছে।

অষ্টম ওভারে রহমানুল্লাহ গুরবাজ আউট হয়ে যাওয়ার পর রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই ও রশিদ খানকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ তিনশর কাছাকাছি নিয়ে যান ইব্রাহিম জাদরান। এ পথে তিনি খেলেন ১৪৩ বলে ১২৯ রানের রাজসিক এক ইনিংস। ৮টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান ইব্রাহিম। এছাড়া রশিদ খান ১৮ বলে হার না মানা ৩৫, রহমত শাহ ৩০ ও শহিদি ২৬ রান করেন।

অজিদের তারকাখচিত বোলিং লাইনআপকে আজ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাহসী ব্যাটিং করেন আফগানরা। মিচেল স্টার্ক ৯ ওভারে ৭০ রান দিয়ে নেন ১ উইকেট। জস হ্যাজেলউড ৩৯ রানে ২টি উইকেট নেন। ষষ্ঠ উইকেটে ইব্রাহিম ও রশিদ খান ২৫ বলে ৫০ রান তুলেছেন।

আজ চার স্পিনার নিয়ে খেলছে আফগানিস্তান। রশিদ, মুজিব, নবি ও নূর স্পিন করবেন। আর পেসার ফজলহক ফারুকিকে বসিয়ে রেখে নবীন-উল-হককে একাদশে নেয়া হয়েছে।

এরপর আফগানদের অবিশ্বাস্য বোলিংয়ের মুখে ৯১ রানে ৭ উইকেট হারায় অজিরা। ফলে আরেকটি বড় অঘটনের পথে ছিল আফগানিস্তান। যদিও তা হতে দিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। অষ্টম উইকেটে প্যাট কামিন্সকে নিয়ে ১৭০ বলে ২০২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে তিন উইকেটের জয় এনে দেন তিনি। এই জয়ে অস্ট্রেলিয়ার সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়। ম্যাক্সওয়েল ১২৮ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় ২০১ রানে অপরাজিত থাকেন। কামিন্স ৬৮ বলে ১২ রান করে ম্যাক্সওয়েলকে দারুণ সঙ্গ দেন।