স্বাধীনতা-পরবর্তী সময়ে নাট্যচর্চা শুরু করে তির্যক নাট্যদল। চার দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চার বিকাশে নিয়মিত কাজ করেছে দলটি। নতুন নাটক, মহড়া, সেমিনার, প্রশিক্ষণসহ নানা থিয়েটার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সক্রিয় থেকেছে তির্যক। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তির্যক নাট্যদলের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রথযাত্রা’ পরিবেশিত হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় পরপর দুটি মঞ্চায়ন হবে নাটকটির।
তির্যক নাট্যদলের ২৬তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত রথযাত্রা নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯১ সালের ৭ আগস্ট চট্টগ্রাম মুসলিম হলে। তির্যক নাটকটি বিভিন্ন সময়ে মোট ১৭৬টি প্রদর্শনী সম্পন্ন করেছে। নাটকের অগ্রিম টিকিট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাবে। নাটকটি নিয়ে তির্ষক নাট্যদলের পক্ষ থেকে বলা হয়, রথযাত্রার উৎসবে এসে সবাই দেখলো মহাকালের রথ অচল, নড়ছে না কিছুতেই। রাজ্যসুদ্ধ লোকের দুশ্চিন্তার সীমা নেই। তাদের কথায় ‘রথ যদি না চলে, আর দড়ি যদি পড়ে থাকে, তাহলে যে সমস্ত রাজ্যের গলায় দড়ি হবে।’ এখন উপায়? দলে দলে লোক আসতে লাগল শূদ্রপাড়া থেকে। তারা বলে বাবার রথ আমরাই চালাব। এতদিন তারা রথের চাকার তলায় পড়েছে, এখন তাদের ডাক পড়েছে রশিতে টান দিতে। এতকালের বৈষম্যের সমাজ হঠাৎ উঠল কেঁপে। উঁচুতলায় যাদের অবস্থান তারাই তো এতদিন ধরে মহাকালের রথকে ঘুরিয়েছে-ফিরিয়েছে যেমন খুশি তেমন। তারা এগিয়ে এল শূদ্রদের ঠেকাতে। রথ কি এবার চলবে, এ নিয়েই এগিয়ে যাবে নাটকটি। ‘রথযাত্রা’ নাটকটিতে অভিনয় করেছেন অমিত চক্রবর্তী, ফারজানা ইসলাম টিনা, রিপন কুমার বড়ুয়া, সাইদুর রহমান চৌধুরী, বিভোর সা’দ অপূর্ব, অর্পিতা চৌধুরী রুপা, শহিদুল ইসলাম রিয়াদ, অজয় ত্রিপুরা, দুলাল কান্তি চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, হৃদয় দেব, উম্মে সালমা চৌধুরী ফাহিয়া, প্রমি ভট্টাচার্য, নাফিসা তাসনিম মম, রিয়া চক্রবর্তী অমি ও শাহাদাত হোসেন সুমন।
১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথপরিক্রমায় দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে তির্যক চর্চা ও সৃজনের মাধ্যমে এ ক্ষেত্রকে সৃষ্টিশীলতায় পূর্ণ করার কাজে নিয়োজিত রয়েছে।










