কনসার্ট চলাকালে ভক্তের দিকে মাইক্রোফোন ছুড়ে মারলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার ফিফটি সেন্ট। সাম্প্রতিক এ ঘটনায় মাথায় আঘাত পান রেডিও উপস্থাপিকা ব্রাহানা মোনেগেন।

ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়, গত ৩০ আগস্টের এ ঘটনায় মারাত্মক আইনি জটিলতায় পড়তে পারেন গায়ক।

ওই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ব্রাহানা মোনেগেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একবার নয় দুই-দুইবার ভিড়ের মধ্যে মাইক্রোফোন নিক্ষেপ করেন ফিফটি সেন্ট। মাইক্রোফোন কাজ না করায় রেগে গিয়ে এ কাণ্ড ঘটান তিনি। প্রথমবার অল্প গতিতে ‍ছুড়লেও পরের অনেক ক্ষিপ্র ছিল তার হাত। ওয়াইজিসহ বিশেষ অতিথিরা এ সময়ে মঞ্চে পারফর্ম করছিলেন। 

এদিকে ভুক্তভোগী ব্রাহানা মোনেগেনের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যায়, কপালে আঘাত পেয়েছেন তিনি। গলায় জড়ানো তোয়ালেতে রক্তের ছোপ। 

ফিফটি সেন্টের অ্যাটর্নি স্কট লিমন এক বিৃতিতে জানান, আমি লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগকে জানিয়েছি যে আমার মক্কেল মাইক্রোফোন দিয়ে কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেননি। এ নিয়ে ভুল তথ্য দেয়া হয়েছে।

সম্প্রতি আরেক গায়িকা কার্ডি বি একই ধরনের ঘটনা ঘটান। তিনিও শো চলাকালে এক ব্যক্তির দিকে মাইক্রোফোন ছুড়ে মারেন। কারণ ওই লোক তার দিকে পানীয় ছুড়ে মেরেছিলেন। কিন্তু পাশে দাড়ঁয়ে থাকা অন্য একজনকে আঘাত করে মাইক। ওই ব্যক্তি পুলিশে অভিযোগ করলেও কার্ডিকে মুক্ত করে দেয়া হয়।