জনপ্রিয় নাট্যদল বটতলা ফের মঞ্চায়ন করতে যাচ্ছে তাদের জনপ্রিয় নতুন নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। আজ বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।
ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের লেখা রাইজ অ্যান্ড শাইন নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম আর নির্দেশনা দিয়েছেন বটতলার তরুণ নির্দেশক ম. সাঈদ। এতে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান ভুঁইয়া, শাহনেওয়াজ ইফতি, মাহবুব মাসুম।
যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের লেখা রাইজ অ্যান্ড শাইন নাটকটি একজন নারী গার্মেন্ট শ্রমিককে কেন্দ্র করে। তার একদিনের সংগ্রামের গল্প নিয়েই এ নাটক। জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প নিয়েই এ নাটক। এ নাটকে মঞ্চে একজন অভিনেত্রীকে দেখা গেলেও এখানে আমাদের সমাজের নারীদের জীবনের সংগ্রাম নিয়েই রাইজ অ্যান্ড শাইন। রোজকার জীবনের নানা প্রতিকূলতা কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
এর আগে ১-৪ জুন পর্যন্ত বটতলার প্রযোজনাটির ছয়টি প্রদর্শনী হয়েছিল। সে সময়ে ব্যাপক সাড়া ফেলেছিল নাটকটি।










