দেশের বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। চলতি বছরের শুরুতে কলকাতার সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে এ অভিনেত্রীর। অতনু ঘোষ নির্মিত ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি দিয়ে প্রশংসা পেয়েছিলেন ফারিণ।
নতুন খবর হলো ফের কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেত্রী। সিনেমার নাম ‘পাত্রী চাই’। এটি পরিচালনা করবেন বিপ্লব গোস্বামী। তাসনিয়া ফারিণকে দেখা যাবে অর্জুন চক্রবর্তীর বিপরীতে। এতে আরো রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতা শঙ্কর।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার খবর দিয়ে ফারিণ ক্যাপশনে লিখেছেন ‘আরো এক পৃথিবীর পর এবার পাত্রী চাই’। সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাতে নারাজ তিনি। তবে শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানান এ অভিনেত্রী।
বিপ্লব গোস্বামীর প্রথম পরিচালিত সিনেমা হতে যাচ্ছে পাত্রী চাই। এর আগে একাধিক তথ্যচিত্র পরিচালনা করে হাত পাকিয়েছেন তিনি। চিত্রনাট্যকার হিসেবে সুনাম রয়েছে এ তরুণ পরিচালকের। ভারতীয় গণমাধ্যমকে বিপ্লব বলেন, ‘‘‘লাপাতা লেডিস’’-এর মতো পাত্রী চাইও সোশ্যাল স্যাটায়ার। পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প পাত্রী চাই।’
লাপাতা লেডিস সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান। এ সিনেমা পরিচালনা করেছেন আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। কয়েক বছর আগে আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। আর এখানে অংশ নিয়েছিলেন বিপ্লব। প্রতিযোগিতায় বিপ্লব দ্বিতীয় স্থান অর্জন করেন। এ থেকেই আমির খানের সঙ্গে যোগাযোগ বিপ্লবের। এরপর বিপ্লবের লেখা গল্প সিনেমা পরিচালনা করেন কিরণ। সিনেমাটির শুটিং নিয়ে বিপ্লব জানান, প্রমোদ ফিল্মসের প্রযোজনায় আসন্ন পূজার পরই শুটিং শুরু হবে সিনেমাটির।










