সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা হিসেবে খ্যাত ফরাসি মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ১৬তম প্রয়াণবার্ষিকী আজ। তার প্রতি সম্মান জানিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যসংগঠন স্বপ্নদলের মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে। গবেষণাগার পদ্ধতিতে ঐতিহ্যের ধারায় বাংলা মূকাভিনয় রীতিতে নির্মিত ব্যতিক্রমী প্রযোজনা উইলিয়াম শেকসপিয়ারের রচনা অবলম্বনে ম্যাকবেথের কাহিনী পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

মার্সেল মার্সো ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে ২২ মার্চ ১৯২৩ জন্মগ্রহণ করেন এবং মূকাভিনয় শিল্পে প্রায় ৬০ বছরের একনিষ্ঠ সাধনা শেষে কিংবদন্তিতুল্য ও সর্বজন শ্রদ্ধেয় এ শিল্পী ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত যান। মার্সেল মার্সো স্মরণে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের ব্যবস্থাপনায় এ বিশেষ আয়োজনে ম্যাকবেথ ছাড়াও কয়েকটি দলের স্বল্পদৈর্ঘ্য মূকাভিনয় থাকছে। এছাড়া আজ বিকাল ৪টা থেকে ‘মূকাভিনয়ে মার্সেল মার্সো এবং বাংলাদেশের মূকাভিনয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাহিদ রিপন।

নাটকটি নিয়ে জানতে চাইলে জাহিদ রিপন জানান, স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ। সারা বিশ্বে শেকসপিয়ারের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও জানামতে ব্যবহারিক গবেষণার মাধ্যমে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ম্যাকবেথই প্রথম। ম্যাকবেথের অভিনয়শিল্পীরা হলেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, তুষার, রকি, নাফিস প্রমুখ।