অস্থির পরিস্থিতি পার করে স্বাভাবিক হচ্ছে দেশ। জন্মদিন পালন না করলেও তাই রেকর্ডিংয়ে ফিরেছেন লুইপা। ১৬ আগস্ট তিনি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। সজীব দাস এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন। গানের শিরোনাম ‘প্রার্থনায় তুমি’। রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘ভালোবাসার মানুষ’ নাটকে থাকছে এ গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী।

এ নিয়ে লুইপা বলেন, ‘এবারই প্রথম সজীবের সুরে একটা দারুণ গান গাইলাম। গানটি লিখেছেন আমার প্রথম একক গানের অ্যালবাম ‘ছায়াবাজি’র গীতিকার রবিউল ইসলাম জীবন। গানের কথা সত্যিই খুব সুন্দর। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে। খুব অল্প সময়ে সজীব একজন সুরকার, সংগীত পরিচালক হিসেবে খুব ভালো করছে। সজীব দাস আমার খুব প্রিয় গায়ক, সুরকার, সংগীত পরিচালক।’ 

প্রার্থনায় তুমি গানটির সুর সংগীত করার পাশাপাশি এতে লুইপার সঙ্গে সজীব দাস গেয়েছেনও। তার সঙ্গে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত সজীব। তিনি বলেন, ‘এ প্রজন্মের অত্যন্ত মিষ্টি কণ্ঠের একজন গায়িকা লুইপা। ইচ্ছে ছিল আমার সুরে একটা হলেও গান করানোর। অবশেষে সে সুযোগ এল। আমার সুরে গাইলেন তিনি, আমিও তার গানে সঙ্গী হলাম। গানটির কথা খুব সুন্দর। আমি চেষ্টা করেছি মনের মতো সুর করতে।’ 

পরিচালক রাফাত মজুমদার রিংকু জানান, শিগগিরই ভালোবাসার মানুষ নাটকটি প্রচারে আসবে।