নিজের ঘরেই আহত হয়েছিলেন সাইফ আলী খান। বলা হচ্ছিল চুরির উদ্দেশ্যে তার বাড়িতে ঢুকেছিল এক ব্যক্তি। সে ঘটনায় মামলাও হয়েছে। সাইফের বাড়িতে প্রবেশ ও তাকে আহত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। সম্প্রতি এ মামলার চার্জশিট দিয়েছে মুম্বাই পুলিশ। মজার ব্যাপার হলো চার্জশিটের ব্যাপ্তি এক হাজার পৃষ্ঠার বেশি। চার্জশিটে এ মামলার যাবতীয় তথ্যপ্রমাণ আছে। এর মাধ্যমে মামলার তদন্তে দৃষ্টিগোচর অগ্রগতি হলো।
চার্জশিট বিষয়ে মুম্বাই পুলিশ বলে, ‘এ চার্জশিটে অভিযুক্ত শরিফুল ইসলামের বিরুদ্ধে পাওয়া বেশকিছু প্রমাণ যুক্ত করা হয়েছে। চার্জশিটটি এক হাজার পৃষ্ঠারও বেশি। এছাড়া ফরেনসিক থেকে পাওয়া বিভিন্ন তথ্যও এতে যুক্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছুরির ভগ্নাংশ, সাইফ আলী খানের শরীরে পাওয়া ছুরির টুকরো ও অভিযুক্তের কাছ থেকে পাওয়া অবশিষ্টাংশ মিলিয়ে দেখা গেছে এগুলো একই ছুরির অংশ। এছাড়া অভিযুক্তের বাম হাতের আঙুলের ছাপের সঙ্গে সাইফের বাড়ি থেকে পাওয়া ছাপও মিলে যায়।’
মুম্বাই পুলিশের দেয়া এ চার্জশিট মূলত ওই ঘটনা ও তারপর তদন্তে পাওয়া সব তথ্যের উপস্থাপন। এতে ফরেনসিকের বিশ্লেষণের পাশাপাশি আছে প্রত্যক্ষদর্শীদের বয়ান। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্যাদিও যুক্ত করা হয়েছে। বলা যায়, সাইফ আলী খানের ওপর হামলা থেকে শুরু করে এখন পর্যন্ত তদন্তে যা যা মিলেছে তার সবই এ চার্জশিটে আছে।
উল্লেখ্য, সাইফ আলী খানের মুম্বাইয়ের বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়েছিল। চুরির উদ্দেশ্যেই ঢুকেছিল বলে মনে করা হয়। এরপর সাইফের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে লোকটি তাকে ছুরি মেরে পালায়। জানুয়ারির এ ঘটনার পর শরিফুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। বর্তমান চার্জশিটের বয়ান থেকে বোঝা যাচ্ছে ওই ব্যক্তিই দোষী সাব্যস্ত হতে যাচ্ছে।
সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা










