যোজনা প্রতিষ্ঠান শুরু করেছেন কৃতি শ্যানন। তার প্রথম সিনেমায়ই অভিনয় করবেন কাজল। কৃতি ও কাজলকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘দিলওয়ালে’ সিনেমায়। রোহিত শেঠি পরিচালিত দিলওয়ালে মুক্তি পায় ২০১৫ সালে। এরপর তারা আর স্ক্রিন শেয়ার করেননি। আট বছর পর আবার স্ক্রিন শেয়ার করছেন তারা। সিনেমার নাম ‘ দো পাত্তি’। এ সিনেমার প্রধান প্রযোজক কৃতি শ্যানন। মঙ্গলবার কৃতি শ্যানন তার প্রযোজনা প্রতিষ্ঠান ব্লু বাটারফ্লাই ফিল্মসের উদ্বোধন করেছেন। তিনি জানিয়েছেন, এ প্রতিষ্ঠান থেকে হৃদয় ছোঁয়া গল্পে বিনিয়োগ করা হবে। সে সময়ই জানিয়েছিলেন, আরেকটি বিশেষ খবর দ্রুতই তিনি জানাবেন। গতকাল সকালে একটি পোস্টে জানান, আট বছর পর তিনি কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সিনেমার নাম জানানোর পাশাপাশি তিনি বলেন, ‘এটি স্ট্রিম হবে নেটফ্লিক্সে।’
এ খবরের পাশাপাশি কৃতি আরো জানিয়েছেন, সাসপেন্স থ্রিলার ঘরানার সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখবেন কণিকা ঢিলন। উত্তর ভারতের পাহাড়কেন্দ্রিক হবে এর গল্প। কৃতি এ নিয়ে তার ইনস্টাগ্রামে লেখেন, ‘তিন কৃতী নারীর সঙ্গে কাজ করায় আমি রীতিমতো থ্রিলড। আর সে থ্রিল নিয়েই দো পাত্তির কথা আপনাদের জানাচ্ছি। এ সিনেমার জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো কোনো প্লাটফর্ম পাওয়া সম্ভব ছিল না। কাজল ম্যামের সঙ্গে আট বছর পর কাজ করায় আমি আরো বেশি আগ্রহী।’ এ পোস্টে তিনি কণিকা ঢিলনেরও প্রশংসা করেন। কৃতি লেখেন, ‘কণিকা, আমি আপনার লেখার একজন ভক্ত আর আপনাকে সহপ্রযোজক হিসেবে পেয়ে দারুণ খুশি।’
কৃতি তার প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমা নিয়ে বিবৃতিতে বলেন, ‘দো পাত্তির চিত্রনাট্য আমার জন্য বিশেষ। আমার মনে এটার একটা আলাদা জায়গা রাখা আছে। ব্লু বাটারফ্লাই ফিল্ম থেকে এটা প্রথম সিনেমা। আমি চাই এমন সব গল্প নিয়ে কাজ করতে, যা মানুষের মনে দোলা দেবে। অনেকদিন মনে রাখবে দর্শক।’ কৃতির ইনস্টাগ্রাম পোস্টের বিপরীতে কাজল লিখেছেন, ‘আমি বলব, এ রানীদের দলটি যেকোনো কিছু জয় করতে পারে।’ এর আগে কাজল নেটফ্লিক্সের সিনেমা ‘ত্রিভঙ্গ’তে অভিনয় করেছিলেন। সম্প্রতি তাকে দেখা গেছে ‘লাস্ট স্টোরিজ’ অ্যান্থলজির দ্বিতীয় সিজনে। নেটফ্লিক্স ও নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, ‘নেটফ্লিক্সের সঙ্গে আবার কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার মনে হয়, দো পাত্তির যাত্রাটা দারুণ হবে। স্ট্রিমিং প্লাটফর্মে কাজ করার সুবিধা হলো অনেক বেশি দর্শকের কাছে পৌঁছনো যায়। সিনেমা নিয়ে আরেকটি কথা বলতে চাই, সিনেমাটির গল্প কেবল ভারত নয়, এর বাইরের দর্শকেরও ভালো লাগার মতো।’
চিত্রনাট্যকার কণিকা ঢিলন এর আগে তার ‘হাসিন দিলরুবা’ দিয়ে প্রশংসিত হয়েছিলেন। দো পাত্তি সিনেমাটি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন তিনিও। কণিকা বলেন, ‘ দো পাত্তির চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে আমি একটা দারুণ যাত্রা পেয়েছি। আমি কাজটা সারা পৃথিবীর কাছে রাখতে পারছি। চিত্রনাট্য তো আগেও লিখেছি, তবে এবার প্রযোজক হিসেবে চিত্রনাট্য নিয়ে নতুন করে ভাবতে হয়েছে।’ কাজল-কৃতির সঙ্গে কাজ করা নিয়েও কণিকা দারুণ উদ্দীপিত। তবে তার বেশি ভালো লাগার কারণ গল্পটি তিনি অনেকের কাছে নিয়ে যেতে পারছেন। কণিকা বলেন, ‘নেটফ্লিক্সের মাধ্যমে সিনেমাটি প্রায় ১৯০টি দেশের দর্শককে দেখানো সম্ভব হবে।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










