একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক আবুল হায়াত আজ ৮০-তে পা রাখছেন। গতকাল রাত থেকেই পারিবারিকভাবে দিনটি উদযাপন শুরু হয়েছে। আজ সকালেও ঘরোয়াভাবে আবুল হায়াতের জীবনের এ দিন বিশেষভাবে উদযাপিত হবে বলে জানান তিনি। দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর থেকে বাকি দিন বাসায়ই থাকবেন বলে জানিয়েছেন আবুল হায়াত। 

৮০তম জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন বিশেষ দিনে আমার দুই মেয়ে বিপাশা আর নাতাশা পাশে নেই। একটু খারাপ লাগছে। তবে আমার জন্মদিনে আমার নাতনি শ্রীষারও জন্মদিন। নানা আর নাতনি মিলে দিনটি বিশেষভাবে উদযাপনের চেষ্টা করব। শাহেদ আাছে। শাহেদকে সঙ্গে নিয়েই আনন্দ করার চেষ্টা করব। আমার স্ত্রী শিরীন সাধারণত আগের দিনই কেক এনে জন্মদিনের প্রথম প্রহরটিকে স্মরণীয় করে তোলার চেষ্টা করে। আর চ্যানেল আই প্রতি বছরই বিশেষভাবে তারকা কথনের আয়োজন করে। এবার যেহেতু ৮০ বছরে পা রাখছি। তাই এবারের জন্মদিনটি একটু বিশেষভাবেই উদযাপন করব হয়তো। ধন্যবাদ আমার প্রাণের প্রিয় দর্শকের প্রতি। তাদের জন্যই এখনো আমি অভিনয়ের অনুপ্রেরণা পাই।’

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ আবুল হায়াত তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম ও একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আবুল হায়াত বহু চলচ্চিত্রে, টিভি নাটকে, মঞ্চ নাটকে অভিনয় করেছেন। তার প্রথম নাটক ইডিপাস ১৯৬৯ সালে বের হয়েছিল। এরপর একে একে ৫০০-র বেশি নাটকে অভিনয় করেছেন। অনেক নাটকও নির্মাণ করেছেন তিনি। সর্বশেষ কিছুদিন আগে চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছিলেন ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ নাটকটি। আবুল হায়াত ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন। বর্তমানে তিনি তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। এগুলো হলো ‘দায়মুক্তি’ ও ‘অসম্ভব’।