দেড় দশকেরও বেশি সময় পর এ বছরের শেষ নাগাদ তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’ প্রকাশের কথা ঘোষণা দিয়েছে প্রোগ্রেসিভ রক ব্যান্ড আর্টসেল। অন্যদিকে অষ্টম অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-১’-এ কাজ করার কথা ফেসবুকে জানিয়েছে ‘বেজবাবা’খ্যাত অর্থহীনের সুমন। এ বছর ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে নগর বাউলের গান ‘আই লাভ ইউ’। সেদিক থেকে দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরটা বেশ আনন্দের। এবার এ তিন মহারথী ব্যান্ডকে এক মঞ্চে দেখতে পাবেন ভক্তরা। ১৬ সেপ্টেম্বর সিক্স বেজ কমিউনিকেশনসের আয়োজনে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি হল-৪-এ ‘হেডব্যাঙ্গারস প্যারাডাইস’ কনসার্টের দ্বিতীয় পর্বে দেখা মিলবে এ তিন ব্যান্ডের।
চট্টগ্রামে হেডব্যাঙ্গারস প্যারাডাইসের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে বহুদিন পর দর্শকদের সামনে একই মঞ্চে হাজির হবে নগর বাউল, অর্থহীন ও আর্টসেল। এ বিষয়ে আয়োজকরা জানান, ‘দর্শকদের
মধ্যে বিপুল সাড়া ফেলেছে কনসার্টের প্রথম পর্ব। দ্বিতীয় আয়োজনটি ঢাকায় হতে যাচ্ছে। মঞ্চে দেখা যাবে নগর বাউল, আর্টসেল, অর্থহীন, পাওয়ার সার্জ, মেকানিকস, স্যাভেজারি, অনকোর, ট্রেনরেক ও প্লাজমিক নককে। কনসার্ট শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে রাত ১০টায়। রেগুলার ও ভিআইপি দুই ধরনের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শক।’
এ বিষয়ে নগর বাউলের কাণ্ডারি ‘গুরু’ জেমস বলেন, ‘অনেক
দিন বড় ধরনের কোনো কনসার্ট হয়নি। হেডব্যাঙ্গারস প্যারাডাইস দর্শকদের আশা পূরণ করবে।’
ইভেন্টটি অর্থহীনের ফেসবুক পেজ থেকে শেয়ার দেয়া হয়েছে। সুমন জানান, ‘নগর বাউল ও আর্টসেলের সঙ্গে অনেক দিন পর এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি। অনেকেই এ তিন ব্যান্ডকে এক মঞ্চে দেখার আশায় ছিলেন। তাদের জন্য এবারের কনসার্টটি স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করছি।’










