জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটার’স টেল’ এবার মুক্তি পাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের মুখ থেকে তার বিদেশ জীবন ও দেশে ফিরে  আসার কথা শোনা যায় এ প্রামাণ্যচিত্রে। স্বদেশ প্রত্যাবর্তনের কথাও এখানে বর্ণনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় বরং এ ডকুড্রামার মূল উপজীব্য বিষয় ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

প্রামাণ্যচিত্রে বঙ্গবন্ধু কন্যার ব্যক্তিগত জীবনের নানা গল্পের সঙ্গে তুলে ধরা হয়েছে ১৯৭৫ সালের সে ভয়াবহ সময়ের কথা, যে সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশির ভাগ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়, ১৯৭৫ সালের পর কীভাবে তিনি বেঁচে ছিলেন, তার ইতিহাস অনেকের কাছেই অজানা।

সে আজানা ইতিহাস সবার মাঝে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ প্রামাণ্যচিত্রে। আর এ কারণেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের সঙ্গে এর সম্পৃক্ততার বিষয়টি মাথায় রেখে ওটিটিতে এর মুক্তির দিন ঠিক করা হয়েছে ১৫ আগস্ট।

‘হাসিনা: আ ডটার’স টেল’ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপলবক্স ফিল্মস যৌথভাবে। প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু এবং পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু আর খান।

প্রামাণ্যচিত্রটি ২০১৮ সালের ১৬ নভেম্বর সারা দেশের নির্ধারিত সিনেমা হলে প্রথম প্রদর্শিত হয়।

দর্শক চাহিদার কথা বিবেচনায় এনে প্রামাণ্যচিত্রটি পরবর্তী সময়ে টেলিভিশন চ্যানেলেও সম্প্রচার করা হয়। এবার তারই ধারাবাহিকতায় নতুন ধারার বিনোদন মাধ্যম ওটিটির দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এটি মুক্তি দেয়া হচ্ছে।