‘আরআরআর’-এর বিজয় অভিযান যেন শেষ হওয়ার নয়। প্রতিনিয়ত নতুন পালক যুক্ত হচ্ছে সাফল্যের মুকুটে। গত মার্চে মুক্তি পাওয়ার পর থেকে বৈশ্বিক সেনসেশনে পরিণত হয়েছে এসএস রাজামৌলি পরিচালিত দক্ষিণ ভারতের সিনেমাটি। বিশ্বখ্যাত অনেক পশ্চিমা চলচ্চিত্র নির্মাতা সিনেমাটির প্রশংসা করেছেন। সম্প্রতি সে তালিকায় যুক্ত হলেন জীবন্ত কিংবদন্তি জেমস ক্যামেরন। সদ্যসমাপ্ত ক্রিটিকস’ চয়েস অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে সিনেমার ‘নাটু নাটু’। পাশাপাশি সেরা বিদেশী ভাষার সিনেমার তকমা জুটেছে এর কপালে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন জেমস ক্যামেরন। লস অ্যাঞ্জেলেসের দ্য ফেয়ারমন্ট সেঞ্চুরি প্লাজা হোটেলে বসেছিল এ অনুষ্ঠানের ২৮তম আসর। সেখানে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যাভাটারখ্যাত এ নির্মাতা। স্বভাবতই আনন্দে ভাসছে রাজামৌলির পুরো টিম।
এক সাংবাদিক টুইট করেছেন, ‘জেমস ক্যামেরন আরআরআরের প্রশংসা করেছেন। ... লাভ ইউ স্যার।’ এ টুইট সিনেমার টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ক্যামেরনের প্রশংসায় অভিভূত রাজামৌলি। এ নিয়ে তিনি টুইট করেন, ‘দ্য গ্রেট জেমস ক্যামেরন আরআরআর দেখেছেন। তিনি সিনেমাটি এতটাই পছন্দ করেছেন যে তার স্ত্রী সুজিকে দেখার পরামর্শ দিয়েছেন এবং তার সঙ্গে সিনেমাটি আবার দেখেছেন। স্যার আমি এখনো বিশ্বাস করতে পারছি না! আমাদের সিনেমা নিয়ে কথা বলার জন্য আপনি আমাদের সঙ্গে পুরো ১০ মিনিট ব্যয় করেছেন। আপনার প্রশংসায় আমি যেন হাওয়ায় ভাসছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ।’
আরআরআর সিনেমায় ক্যামিও হিসেবে পর্দায় উপস্থিত ছিলেন আলিয়া ভাট। তিনি রাজামৌলির টুইটের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সঙ্গে দিয়েছেন ক্যাপশন—‘উফ! কী সুন্দর সকাল।’
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক, সেরা পিকচার ও সেরা ভিজুয়াল এফেক্ট ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছিল সিনেমাটি। এর ফলে অস্কার মনোনয়নের দৌড়ে আরো এগিয়ে গেল এ সিনেমা। অস্কার জেতাটাও এখন আর দুরূহ মনে হচ্ছে না। এরই মধ্যে সিনেমাটি অস্কার শর্টলিস্টে ঢুকে পড়েছে। এ মাসের শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










