মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কোনটি? এ প্রশ্ন করলে হয়তো এক মুহূর্তের জন্য থমকে যেতে হবে। তবে তার পরই নির্দ্বিধায় বলা যায়—আয়রন ম্যান। গত প্রায় ১৪ বছর ধরে মার্ভেল যে সফলতা অর্জন করেছে, তার পেছনে আয়রন ম্যান চরিত্রটির জনপ্রিয়তা অন্যতম কারণ। আর এ চরিত্রে অভিনয় করে নিজের ক্যারিয়ার গ্রাফ বদলে ফেলেছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। এন্ড গেমের গল্প অনুসারে মারা যায় আয়রন ম্যান। আর সিনেমা ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যান রবার্ট ডাউনি। এরপর কথা উঠেছিল চরিত্রটিতে দেখা যাবে টম ক্রুজকে। কিন্তু তা হয়নি। আয়রন ম্যানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন টম ক্রুজ।
ব্যাপারটা এমন না যে ডাউনি জুনিয়র ছাড়ার পর টমকে প্রস্তাব দেয়া হয়েছিল। বরং টমই ছিলেন আয়রন ম্যান হিসেবে এমসিইউর প্রথম পছন্দ। তিনি প্রস্তাব ফেরানোর পর চরিত্রটি ডাউনি জুনিয়রের কাছে যায়। টম চরিত্রটি ফিরিয়েছিলেন নানা কারণে। ২০২২ সালে এসে সর্বোচ্চ ব্যবসা করা টপ গান: ম্যাভেরিকের মাধ্যমে তিনি এখনো যেমন হলিউডের অন্যতম বড় স্টার, তখনো তা-ই ছিলেন। কিন্তু এক যুগের বেশি সময় ধরে মার্ভেল যতটা সফল, ২০০৮ সালে ততটা ছিল না। টমকে যখন আয়রন ম্যান চরিত্রে অভিনয়ের প্রস্তাব করা হয়, তখন চরিত্রটি প্রতিষ্ঠিত হয়নি। টম ক্রুজের তখন এ চরিত্র কোনোভাবেই মনঃপূত হয়নি। বলাই বাহুল্য, যেকোনো বড় তারকাই তা ফিরিয়ে দিতেন। ডাউনি জুনিয়র নিয়েছিলেন, কেননা তার ক্যারিয়ার তখন অতটা ভালো ছিল না।
সিনেমাকনের একটি অনুষ্ঠানে টম ক্রুজকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি এ বিষয়ে সিনেমার গল্প ও চরিত্রকে গুরুত্ব দেয়ার কথা জানান। টম বলেন, ‘আমি একটা সিনেমার মূল বিষয়ের ক্ষেত্রে গল্পটায় গুরুত্ব দিই। আমি কোথাও নিজের পাণ্ডিত্য ফলানোর চেষ্টা করি না। চরিত্রটাকে বোঝার চেষ্টা করি। সেটি যদি আমাকে আকর্ষণ করে, তাহলে আমি চরিত্রটিতে অভিনয় করার কথা ভাবি।’ টম ক্রুজ তার দর্শকদের মনোভাবের বিষয়ে চিন্তা করেন। তাই তিনি বলেন, ‘আমাকে ভাবতে হয়, দর্শক ওই চরিত্রটিতে আমাকে পছন্দ করবেন কিনা। এছাড়া আমি অভিনয় থেকে শেখার চেষ্টা করি। চরিত্রটি যদি আমাকে কিছু শেখাতে পারে, তাহলে আমি আগ্রহ পাই। আমার সেখানে অবদান রাখার সুযোগ থাকে।’
রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত আয়রন ম্যান শুরু থেকেই বাণিজ্যিকভাবে তুমুল সফলতা পায়। প্রথম সিনেমাটি আয় করেছিল ৫৫ দশমিক ৫ কোটি ডলার। পরের দুটি যথাক্রমে ৬২ দশমিক ৯ ও ১২০ কোটি ডলার আয় করে ইতিহাস তৈরি করে। অন্যদিকে ডাউনি জুনিয়র হয়ে ওঠেন আয়রন ম্যানের সমার্থক। তিনি হয়ে ওঠেন কিংবদন্তি সুপারহিরো। মার্ভেলও তাদের প্রতিটি গল্পে আয়রন ম্যানকে বিশেষ করে তোলে। যেন টনি স্টার্ক না থাকলে চলছে না। আর সে চরিত্রটি অবশ্যই রবার্ট ডাউনি জুনিয়রের দ্বারা হতে হবে। ডাউনির এ সাফল্য বা অভিনয়গুণ নিয়ে টম ক্রুজ বলেন, ‘আমি এখন ভাবতেই পারি না রবার্ট ডাউনি জুনিয়র ছাড়া এ চরিত্রে কেউ অভিনয় করছে। চরিত্রটির জন্য তিনিই সেরা অভিনেতা।’
টম আরো বলেছেন, মার্ভেল তাকে এমন সময় প্রস্তাব করেছিল, যখন অন্য কোনো সিনেমায় তার সময় দেয়ার সুযোগ ছিল না। তাতে অবশ্য টমের কোনো ক্ষতি হয়নি। তিনি তার মতো সেরার আসনেই আছেন।
সূত্র: হলিউড লাইফ










