মাত্র আট মাসের মাথায় নিজের রেকর্ড
ভাঙলেন শাহরুখ খান। এ খবরের উপলক্ষ্য সবার জানা, ‘জাওয়ান’। প্রথম দিনের আয়ে রেকর্ডধারী
‘পাঠান’কেও পেছনে ফেলে দিয়েছেন কিং খান।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী,
প্রথমদিনে ‘জাওয়ান’ আয় করেছে ৭৫ কোটি রুপি। আর ‘পাঠান’-এর উদ্বোধনী আয় ছিল ৫৭ কোটি
রুপি, যা তখনকার নিরিখে সর্বকালের সর্বোচ্চ ওপেনিং। এখন হিন্দি ভাষার সিনেমায় সেই স্থান
দখল করে নিল ‘জাওয়ান’।
হিন্দি সংস্করণ থেকে প্রথমদিনে ৬৫ কোটি
রুপি এসেছে। বাকি ১০ কোটির অর্ধেক অর্ধেক দিয়েছে তামিল ও তেলেগু সংস্করণ।
‘জাওয়ান’ প্রথম হিন্দি সিনেমা যা প্রথম
দিনে ৬০ কোটি রুপির বেশি আয় করেছে।
‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর শাহরুখের
সিনেমা মানেই উৎসব। সঙ্গে ছিল জন্মাষ্টমীর বন্ধ। যা নিসন্দেহে বক্স অফিস সংগ্রহ বাড়িয়েছে।
আর আগামী রোববার সপ্তাহান্তে আয় আকাশচুম্বী হবে বলে আশা করা হচ্ছে।
সিনেমার বাণিজ্য বিষয়ক সাইট স্যাকনিল্কের
রিপোর্ট অনুযায়ী, উদ্বোধনী দিনে ভারত জুড়ে জওয়ানের দখলে ছিল ৫৮ শতাংশ শো। শাহরুখের
প্রথম সর্ব-ভারতীয় রিলিজে চেন্নাইয়ে দখলে ছিল ৮১ শতাংশ শো। মুম্বাইয়ে ছিল ৫৫ শতাংশ।
হায়দরাবাদ ও কলকাতা যথাক্রমে ৭৫ শতাংশ ও ৭৩ শতাংশ দখল রাখে। তামিল সংস্করণ রাতের শোর
প্রায় ৭০ শতাংশ দখলে নেয়। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে
‘জাওয়ান’। সব জায়গাতেই সরগরম অবস্থা।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সিনেমাটি
প্রথম দিনে আন্তর্জাতিক বাজারে কমপক্ষে ৪৫ কোটি রুপি আয় করবে। এ হিসেবে ১২০ কোটি রুপি
বগলদাবা করে ‘জওয়ান’ ভারতীয় সিনেমার ইতিহাসে চতুর্থ বৃহত্তম ওপেনার। এর আগে আছে আরআরআর
(২২৩ কোটি রুপি), বাহুবলি টু (২১৪ কোটি), কেজিএফ: চ্যাপ্টার টু (১৬৪ কোটি রুপি)।
‘জাওয়ান’ নির্মিত হয়েছে ৩০০ কোটি রুপি
বাজেটে। অ্যাটলির পরিচালনায় ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটে অভিনয় করছেন শাহরুখ খান,
বিপরীতে ছিলেন নয়নতারা। আরো অভিনয় করেছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি,
সুনীল গ্রোভার প্রমুখ। এক্সটেন্ডেড ক্যামিও করেছেন দীপিকা পাড়ুকোন।










