নতুন করে শুরু হচ্ছে হ্যারি পটার। সিনেমার পর এবার টিভি সিরিজ তৈরি হচ্ছে জেকে রোলিংয়ের বই থেকে। এ নিয়ে হ্যারি পটার ভক্তরা অনেকেই খুশি। আবার অনেকে মনে করেন হ্যারি পটার এভাবে নতুন করে শুরু করার প্রয়োজন ছিল না। নতুন করে হ্যারি পটার আনার প্রসঙ্গে ওয়ার্নার ব্রোস ও রোলিং জানিয়েছেন মূল গল্পের অনেক বিষয় আরো বিস্তৃত পরিসরে দেখানো হবে সিরিজে। সিনেমার ততটা বিস্তারের সুযোগ ছিল না। কিন্তু হ্যারি পটার ভক্তদের এক অংশ মনে করে নতুন করে পুরো গল্পটা আবার না এনে কিছু বিষয়কে আলাদা করে সেগুলো নিয়ে সিরিজ তৈরি করলে ভালো হতো। সহজ কথায়, স্পিন-অফের কথা বলছেন তারা।
এর মধ্যে প্রথমেই আসে হগওয়ার্টসের শুরুর কথা। হ্যারি পটারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হগওয়ার্টস। গল্প অনুসারে এর স্থাপনা হয় নবম বা দশম শতকে। গড্রিক গ্রিফিনডোর, রোয়েনা র্যাভেনক্ল, হেলগা হাফেলপাফ ও স্র্যাজার স্লিদারিন ছিলেন সে সময়। এ চরিত্রগুলোকে রেখে হগওয়ার্টসের প্রতিষ্ঠা নিয়ে আলাদা করে গল্প তৈরি করা সম্ভব। স্কুলটিকে নতুন করে দেখতে চান হ্যারিভক্তরা।
ভলডেমর্ট হ্যারির গল্পের অন্যতম প্রধান চরিত্র। তাকে নিয়ে আলাদা সিরিজ তো হতেই পারে। হ্যারি পটার বা পটার পরিবারের সঙ্গে তার যোগসূত্র এবয় বিরোধিতার কারণ নিয়ে আলাদা করে তৈরি হতে পারে এ গল্প। হ্যারির বাবা মাকে নতুন করে উপস্খাপন করা সম্ভব। ডার্ক উইজার্ডের গল্প কে না দেখতে চাইবে।
এছাড়া মিনিস্ট্রি অব ম্যাজিকও সিরিজের অন্যতম একটি অংশ। এ বিষয়টি মূল গল্পে খুব বড় পরিসরে না থাকলেও গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটিকে নিয়েও আলাদা করে কাহিনী নির্মাণ সম্ভব। ক্ষমতার ব্যবহার ও ক্ষমতার রাজনীতি নিয়ে একটি দুর্দান্ত গল্প হতে পারে। বর্তমানে এ ধরনের গল্পের চাহিদা আছে। দর্শক পছন্দও করে নতুন করে দেখতে।
তবে হ্যারি পটারের নতুন সিরিজে অনাবিষ্কৃত বিষয়গুলো নিয়েই গুরুত্ব দেয়ার কথা বলেছেন এর প্রযোজকরা। তাই আশা করা যায় সিনেমায় কম গুরুত্ব পাওয়া বিশেষ চরিত্র ও ঘটনাগুলোর দিকে নতুন করে মনোযোগ দেবেন তারা। হ্যারি পটারের নস্টালজিয়া অক্ষুণ্ণ রেখেই সিরিজ নির্মাণ করা উচিত হবে তাদের। এমনটা মনে করেন হ্যারি পটার ভক্তরা।










