দেশের বিশিষ্ট ৬৮ জন শিল্পীর ছাপচিত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নিয়ে কিবরিয়া ছাপচিত্র স্টুডিও আয়োজন করেছে ‘রবীন্দ্রনামা’ শিরোনামে একটি শিল্পপ্রদর্শনীর। ২৭ মে রাজধানীর মোহাম্মদপুরের কলাকেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।

কলাকেন্দ্রের কিউরেটর ও শিল্পী ওয়াকিলুর রহমান জানান, ‘শিল্পীরা কীভাবে রবীন্দ্রনাথকে দেখেন তারই পোর্ট্রেট এটা। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ২০১১ সালে এ ৬৮ শিল্পীর আঁকা ছবি দিয়ে একটি বই করা হয়। সেই ছবিগুলোসহ রবীন্দ্রনাথের আঁকা আরো কিছু ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথ নিজের প্রতিকৃতি আঁকতে গিয়ে প্রচুর পরিবর্তন এনেছেন। এক্ষেত্রে শিল্পীরাও এখানে স্বাধীনতা পেয়েছেন।’

শিল্পী হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, রফিকুন নবী, শহীদ কবির, ঢালী আল মামুন, ওয়াকিলুর রহমান, নিসার হোসেন, বীরেন সোম, সমরজিৎ রায়চৌধুরী, শিশির ভট্টাচার্যসহ অন্য শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।

‘রবীন্দ্রনামা’ প্রদর্শনী চলবে ১২ জুন পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।