বলিউডের সবচেয়ে মর্যাদার পুরস্কার ফিল্মফেয়ার। এর ৬৮তম আসর বসেছিল বৃহস্পতিবার রাতে। অংশগ্রহণ করেন বলিউডের তারকা, অভিনেতা-অভিনেত্রী ও সিনেমাসংশ্লিষ্টরা। এবার অনুষ্ঠানটি হয়েছিল জিও কনভেনশন সেন্টারে। উপস্থাপনায় ছিলেন সালমান খান, মনীষ পাল ও আয়ুষ্মান খুরানা। ফিল্মফেয়ারের ৬৮তম আসরে একাধিক বিভাগে পুরস্কার জিতেছে আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। এছাড়া বেশকিছু পুরস্কার পেয়েছে রাজকুমার রাও অভিনীত বাধাই দো। 

এক বাক্যেই বলা যেতে পারে রাতটা ছিল গাঙ্গুবাইয়ের। সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ ১০ বিভাগে পুরস্কার পেয়েছে বানসালির এ সিনেমা। আলিয়া ভাটের জন্য রাতটা অবিস্মরণীয় ছিল, সন্দেহ নেই। কেননা, গাঙ্গুবাই ছাড়াও পুরস্কার পেয়েছে ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান। এবারের আসরে বেশকিছু চমক ছিল। আবার অনেকেই বলছেন, এবার বেশ কয়েকটি পুরস্কার যোগ্য লোকের হাতে উঠেছে, যা আরো আগে হওয়ার কথা ছিল।

বিশেষত সঞ্জয় মিশ্রর নাম করা যায়। সমালোচকদের বাছাইয়ে সেরা অভিনেতা হয়েছেন এ অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে সঞ্জয় অভিনয় করেছেন অনেক সিনেমায়। বিচিত্র চরিত্রে দেখা গেছে তাকে। তবে নানা সময় তাকে ভাঁড়ের মতো ব্যবহার করেছে বলিউড। সেসব পার করে বহু সিনেমায় অভিনয় প্রতিভা দেখিয়েছেন তিনি। এর মধ্যে মাসান, আঁখো দেখি বিভিন্ন সময় পুরস্কার পেয়েছে। বিশেষত আঁখো দেখি সিনেমাটি কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছিল। তবে ফিল্ম ফেয়ারের মঞ্চে সমালোচকের বাছাইয়ে সেরা হওয়া বিশেষ ব্যাপার। এদিকে সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রী বিভাগে যুগ্মভাবে পুরস্কৃত হয়েছেন টাবু ও ভূমি পেড়নেকর।

ফিল্মফেয়ারে দেয়া পুরস্কারের তালিকা দীর্ঘ। সেরা সিনেমা হয়েছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা রাজকুমার রাও (বাধাই দো), সেরা অভিনেত্রী আলিয়া ভাট (গাঙ্গুবাই)। সমালোচদের দৃষ্টিতে সেরা সিনেমা বাধাই দো। সেরা অভিনেতা সঞ্জয় মিশ্র (বধ), সেরা অভিনেত্রী ভূমি পেড়নেকর (বাধাই দো) ও টাবু (ভুল ভুলাইয়া টু)। সেরা পরিচালক সঞ্জয় লীলা বানসালি। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা অনীল কাপুর (যুগ যুগ জিয়ো), সেরা অভিনেত্রী সীবা চাড্ডা (বাধাই দো)। সেরা সংলাপের জন্য পুরস্কার পেয়েছেন প্রকাশ কাপাডিয়া ও উৎকর্ষিণী বশিষ্ট (গাঙ্গুবাই)। চিত্রনাট্যের জন্য সেরা হয়েছে বাধাই দো। সেরা গল্পের পুরস্কারও পেয়েছে এ সিনেমা।

সংগীতের দিক থেকে এগিয়েছে ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান। এ সিনেমার জন্য সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছেন প্রিতম। ব্রহ্মাস্ত্রে কেসারিয়া গানের জন্য সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন অমিতাভ ভট্টাচার্য। একই গানের জন্য সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন অরিজিত সিং। অন্যদিকে রাঙ্গি সারি গানের জন্য সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন কবিতা শেঠ। সংগীতে আরডি বর্মণ, আপকামিং মিউজিক ট্যালেন্ট হিসেবে পুরস্কার পেয়েছেন জাহ্নবী শ্রীমানকর। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে ঢোলিদা গেয়েছিলেন তিনি। অভিষেকে সেরা অভিনেতা হয়েছেন অঙ্কুশ গেদাম (ঝুন্ড) ও সেরা অভিনেত্রী আদ্রে কেচুসা (আনেক)।

কারিগরি বিভাগগুলোর মধ্যে সেরা ভিজুয়াল ইফেক্টে পুরস্কার পেয়েছে ব্রহ্মাস্ত্র, সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছে অ্যান অ্যাকশন হিরো। প্রডাকশন ডিজাইনের পুরস্কারও উঠেছে গাঙ্গুবাইয়ের টিমের হাতে। ব্র্যাকগ্রাউন্ড স্কোরের পুরস্কারও পেয়েছে গাঙ্গুবাই। সাউন্ড ডিজাইনের পুরস্কার ব্রহ্মাস্ত্রের ঝুলিতে। সেরা অ্যাকশনের জন্য পুরস্কৃত হয়েছেন পারভেজ শেখ (বিক্রম বেদ)। সেরা কোরিওগ্রাফির পাশাপাশি সিনেমাটোগ্রাফির পুরস্কারও পেয়েছে গাঙ্গুবাই।

গাঙ্গুবাইয়ের এ সাফল্য তাড়িয়ে উপভোগ করেছেন আলিয়া। ফিল্মফেয়ারের ট্রফিকে ‘‌ব্ল্যাক লেডি’ বলা হয়। এবারের আসরে কালো গাউনে সে রকমই ব্ল্যাক লেডি হিসেবে হাজির হয়েছিলেন আলিয়া। পুরস্কার নিয়েছেন রেখার হাত থেকে। এছাড়া ফিল্মফেয়ারে উপস্থিত ছিলেন কাজল, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, ভূমি পেড়নেকর, কৃতি শ্যাননসহ বলিউডের অভিনেত্রীরা।

সূত্র: ফিল্মফেয়ার