লোকেশ কনগরাজের সিনেমাগুলো একটা আরেকটার সঙ্গে যুক্ত। বিশেষত বিক্রম দিয়েই তিনি বুঝিয়েছেন কাইথির সঙ্গে সরাসরি যুক্ত এ সিনেমা। অর্থাৎ একটা ইউনিভার্স তৈরি করছেন তিনি। এবার ফাহাদ ফাসিল জানালেন, কনগরাজের ইউনিভার্সে যুক্ত হচ্ছেন থালাপতি বিজয়। বিজয়ের সঙ্গে একটি সিনেমা নির্মাণ করছেন লোকেশ। এখন পর্যন্ত সিনেমাটি থালাপতি ৬৭ নামেই পরিচিত। সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। ফাহাদ ফাসিল জানিয়েছেন, এ সিনেমা লোকেশ কনগরাজের সিনেমাটিক ইউনিভার্সের অংশ হতে যাচ্ছে।
কোচিতে একটি প্রেস কনফারেন্সে প্রসঙ্গক্রমে ফাহাদ এ তথ্য জানান। তিনি বলেন, সিনেমাটি লোকেশ কনগরাজের সিনেমাটিক ইউনিভার্সের অংশ। সেখানে আমারও থাকার সম্ভাবনা আছে। এ সময় তিনি নিজের পরবর্তী সিনেমা থানকামের প্রচারণা করছিলেন। কমল হাসানের সঙ্গে এর আগে ফাহাদ ফাসিল বিক্রমে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে তার রোল খুব বড় ছিল না, তবে সিনেমার গল্পে তিনি গুরুত্বপূর্ণ। পরবর্তী গল্পে তার অমর চরিত্রটি ফিরবে, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু সেটা বিজয়ের সঙ্গে এ সিনেমায়ই চরিত্রটি ফিরবে, এমন নিশ্চয়তা ছিল না। তবে অমর নিয়ে আলাদা একটি গল্প কনগরাজ তৈরি করতে পারেন, এ কথা অনেকেই ভেবেছিল।
সিনেমার নাম নিশ্চিত না করা হলেও থালাপতি বিজয়ের সঙ্গে পুরোদমে শুটিং করছেন কনগরাজ। সিনেমার সবকিছুই চলছে খুব গোপনে। এমনকি সিনেমা কবে নির্মাণ শুরু হলো, সে তথ্যও প্রকাশ করেননি নির্মাতারা। এত গোপনীয়তার কারণ মূলত সিনেমার গল্প বা অন্যান্য বিষয় প্রকাশ্যে আসতে না দেয়া। লোকেশ দর্শককে তার সিনেমার জন্য অপেক্ষা করাতে চান। আগ্রহ তৈরি করতে চান। অবশ্য এ সপ্তাহেই এর প্রথম কোনো লুক বা টিজার আসার কথা রয়েছে। কী আসতে পারে বা ফাহাদ ফাসিলের চরিত্রটি কী হবে, সে সম্পর্কেও কোনো কথা তিনি জানাননি। ফাহাদ বলেন, আমার মনে হয় না এখনো সে কথা জানানোর সময় হয়েছে। সেটা প্রযোজকদের তরফ থেকে জানানো হলেই ভালো।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










