‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট টু’র রেকর্ড ভেঙে ওয়ার্নার ব্রোসের ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা হতে চলছে ‘বারবি’। এই সপ্তাহান্তে সিনেমাটি ৭৫টি দেশের ১২ হাজার ৮৫২টি পর্দা থেকে এক কোটি ৮২ লাখ ডলার তুলে নিয়েছে। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৩৪ কোটি ডলার। খবর ভ্যারাইটি।

ধারণা করা হচ্ছে, শিগগরই ইউনিভার্সেল পিকচার্সের ‘দ্য সুপার মারিও ব্রোস মুভি’কে অতিক্রম করে গ্লোবাল বক্স অফিসে বছরের সেরা চলচ্চিত্র হয়ে উঠবে ‘বারবি’।৷

বিশ্বের কোটি কোটি শিশুর শৈশব রাঙিয়ে দেয়া জনপ্রিয় পুতুল ‘বারবি’ ঘিরে সিনেমাটি নির্মাণ করেছেন অস্কার মনোনীত গ্রেটা গেরউইগ। মুখ্য দুই চরিত্রে আছেন মার্গো রবি ও রায়ান গসলিং। আরো অভিনয় করেছেন এমারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককিননসহ অনেকে।

মোট আয়ে পিছিয়ে থাকলেও চলতি সপ্তাহে ‘বারবি’র চেয়ে বেশি আয় করেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। ৮২টি দেশের ৭ হাজার ৫৫৫টি স্ক্রিন থেকে আয় করেছে দুই কোটি ৯১ লাখ ডলার। আর বিশ্বব্যাপী ৮০ কোটি ডলার আয়ের পথে রয়েছে। এরই মধ্যে নন-ব্যাট ফিল্ম হিসেবে নোলানের সর্বোচ্চ আয়ের রেকর্ডধারী ‘ইনসেপশন’কে ছাড়িয়ে গেছে পরমাণুবিজ্ঞানীর জীবনীধর্মী চলচ্চিত্রটি।

এছাড়া সনি পিকচার্সের ‘গ্রান টুরসিমু’ বিশ্বব্যাপী মোট পাঁচ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। অন্যদিকে ওয়ানার ব্রাদার্সের আরেক রিলিজ এ সপ্তাহান্তে ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’ ১৬ হাজার ২২৪টি স্ক্রিনে ৭৭টি বাজার থেকে এক কোটি ৫২ লাখ ডলার আয় করেছে। মোট আয় দাঁড়িয়েছে সোয়া ৩৫ কোটি ডলার।