ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটি মুক্তির প্রায় এক মাস পার হয়ে গেলেও এখনো দর্শক টানছে। হিমেল আশরাফের পরিচালনায় এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার পরিচিত মুখ ইধিকা পাল। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নিয়ে দর্শকের কাছে প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী। সিনেমাটি দর্শকের সঙ্গে দেখতে ঢাকায় আসার কথা জানিয়েছিলেন এ অভিনেত্রী। নতুন খবর হলো কোনো খবর ছাড়াই দর্শককে চমক দিতে ঢাকায় আসছেন এ অভিনেত্রী। 

শাকিব খান না থাকলেও দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা দেখেছেন ইধিকা।

প্রিয়তমা দেখতেই ঢাকায় এসেছিলেন তিনি। গত শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে স্টার সিনেপ্লেক্সে ইধিকা পাল তার মাকে সঙ্গে নিয়েই প্রিয়তমা উপভোগ করেন। দর্শকের সঙ্গে বসে সিনেমা উপভোগ করলেও মুখে মাস্ক থাকায় দর্শক তার উপস্থিতি বুঝতে পারেনি। তবে সিনেমার শো শেষ হওয়ার পর ইধিকা পাল মুখে মাস্ক নিয়েই নিজের প্রিয়তমার পোস্টারের সামনে ছবি তুলছিলেন।

প্রিয়তমা সিনেমাটি হলে বসে উপভোগ করার অনুভূতি কেমন জানতে চাইলে জবাবে ইধিকা পাল বলেন, ‘অবশেষে অনেক প্রতীক্ষার পর দর্শককে দেয়া কথা অনুযায়ী ঢাকাতেই নিজের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা প্রিয়তমা উপভোগ করলাম। নিজেকে জীবনে প্রথম বড় পর্দায় দেখতে পেয়ে কতটা যে ভালো লেগেছে এটা আসলে বলে বোঝানো খুব কঠিন। সত্যি বলতে কী প্রিয়তমা উপভোগ করতে গিয়ে বারবার শুটিং করার সময়কার কথা ভীষণ মনে পড়ছিল। আমি মাকে এবং সঙ্গে অন্য আরো যারা ছিলেন তাদের সিনেমা দেখার ফাঁকে ফাঁকে গল্প শুনিয়েছি। জীবনে প্রথম নিজেকে বড় পর্দায় দেখা, তাও আবার আমার সঙ্গে মা ছিলেন। ঢাকার সিনেমা হলেই নিজেকে প্রথম দেখলাম। সব মিলিয়ে প্রিয়তমার পুরো জার্নিটাই স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে।’

ঈদুল আজহায় দেশের ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রিয়তমা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন শাকিব ও ইধিকা পাল। নতুন এ জুটি বেশ প্রশংসা পাচ্ছে শাকিবভক্তদের কাছে। সিনেমাটি প্রসঙ্গে ইধিকা বলেন, ‘‌আমি কৃতজ্ঞ আরশাদ আদনান স্যার, আমার হিরো শাকিব খান, পরিচালক হিমেল আশরাফসহ পুরো প্রিয়তমা পরিবারের কাছে। ভীষণ কৃতজ্ঞতা এ বাংলার দর্শকের কাছে।’

বাংলাদেশের সিনেমায় অভিনয়ের আগে কলকাতায় একটি সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল। তবে কলকাতার সে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। রুপালি জগতে তার অভিষেক বাংলাদেশের সিনেমা প্রিয়তমা দিয়ে। বাংলাদেশের সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশের সিনেমা খুব কম দেখা হয়েছে। তবে যেসব সিনেমা দেখেছি তা দেখে আমার উপলব্ধি, বাংলাদেশের সিনেমার গল্প ও নির্মাণশৈলী খুব ভালো।’

ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। তিনি বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এ ধারাবাহিকে ‘‌পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন এ সুন্দরী। পরে জি বাংলায় জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান চরিত্রে তাকে দেখা যায়।

বর্তমানে প্রচার চলছে নতুন ধারাবাহিক ‘পিলু’। এতে দ্বিতীয়বারের মতো খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন ইধিকা। এখানে তার চরিত্রের নাম ‘রঞ্জিনী’।

ঢাকায় এসেই ইধিকা পাল প্রথম ঢাকেশ্বরী মন্দিরে যান। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল, শামসুন্নাহার হল, কলাভবন, কার্জন হল ঘুরে বেড়ান। ইধিকা পাল গতকাল দুপুরের ফ্লাইটে কলকাতা ফিরে গেছেন।

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে প্রিয়তমা। উত্তর আমেরিকার কয়েকটি দেশে মুক্তি পেয়েছে এটি। প্রথম সপ্তাহের পর এবার দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসাব প্রকাশ করলেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

তার বরাতে শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর আমেরিকায় প্রিয়তমার আয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন। জানানো হয় দুই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশ সিনেমার গর্বের ১ লাখ ডলারের ক্লাবে ঢুকে গেল প্রিয়তমা। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১২ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা।