অনেক জনপ্রিয় গানের প্লেব্যাক করেছেন ইমরান মাহমুদুল এবং দিলশাদ নাহার কনা। নতুন খবর হলো যুক্তরাষ্ট্রে দশটি স্টেজ শোতে অংশ নিতে আজ ঢাকা ছাড়ছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান-কনা। যুক্তরাষ্ট্রের ডালাস, ওয়াশিংটন, ফ্লোরিডা, টেক্সাস, আটলান্টা, লস অ্যাঞ্জেলেসসহ আরো কয়েকটি স্টেটে তারা দশটি স্টেজ শোতে পারফর্ম করবেন। আগামী ৩ সেপ্টেম্বর ডালাসে প্রথম স্টেজ শোতে ইমরান-কনার গান পরিবেশনের মধ্য দিয়ে পুরো এক মাসের এই যাত্রা শুরু হবে। ফিরবেন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে।
যুক্তরাষ্ট্রে শো করা প্রসঙ্গে কনা বলেন, ‘পুরো একটা মাসের জন্য আসলে পরিবার ছেড়ে দেশের বাইরে যাচ্ছি, একটু খারাপ লাগা তো আছেই। তবে এটা উচ্ছ্বাস বা আনন্দেরও বিষয়। কারণ আমি দীর্ঘ দশ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সেখানে রোমানা, মোনাসহ আরো অনেকেই আছেন যাদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হবে। তারাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আর যুক্তরাষ্ট্রে ইমরান আর আমার এটাই প্রথম মিউজিক্যাল সফর। প্রিয় প্রবাসী বাংলাদেশীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের আন্তরিকতার কাছে আমরা মুগ্ধ। তাদের কারণেই তাদেরকেই আনন্দ দিতে আমরা যুক্তরাষ্ট্র যাচ্ছি। আর সত্যি বলতে কী অনেক আগেই আমরা, বিশেষত আমি আর ইমরান যুক্তরাষ্ট্রে শোতে যেতে পারতাম। কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় মিউজিশিয়ানদের নিয়ে তবেই যাব। সেই স্বপ্নটা পূরণ হয়েছে বিধায় আরো বেশি ভালো লাগছে।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেন, ‘এর আগে আমি আর কনা আপু লন্ডনে, অস্ট্রেলিয়ায় একসঙ্গে একই মঞ্চে স্টেজ শো করেছি। যেহেতু আমাদের বেশকিছু সুপারহিট ডুয়েট গান আছে, তাই স্টেজ শোগুলোতে ডুয়েট গানের অনুরোধ থাকলে আমরা বেশ সানন্দেই পরিবেশন করতে পারি। তো যথারীতি আশা করছি এবারো ব্যতিক্রম হবে না ইনশা আল্লাহ। দীর্ঘ আট বছর পর আমি আমেরিকা যাচ্ছি। আশা করছি এবারের যাত্রা অনেক আনন্দময় ও স্মরণীয়ই হবে ইনশা আল্লাহ।’
কনা-ইমরানের সঙ্গে মিউজিশিয়ান হিসেবে যারা যাচ্ছেন তারা হচ্ছেন ড্রামসে সজল কুমার সাহা, বেজ গিটারে জাহাঙ্গীর আলম জনি, লিড গিটারে অভিজিৎ চক্রবর্ত্তী ও কি-বোর্ডে কাইয়ূম।










