আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় শুরু হচ্ছে শিল্পী সুবর্ণা মোর্শেদার একক শিল্পকর্ম প্রদর্শনী। আজ সন্ধ্যা ৬টায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘আত্মদৃষ্টি’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন হতে যাচ্ছে। শিল্পী মনিরুল ইসলাম প্রদর্শনীটি উদ্বোধন করবেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সমালোচক ও লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের সুবর্ণার চতুর্থ শিল্পকর্ম প্রদর্শনী এটি। এ নিয়ে শিল্পী জানান, ‘আত্মদৃষ্টি’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীটি আমাদের আমন্ত্রণ জানায় প্রকৃতি, মানুষের অভিজ্ঞতা ও আমাদের আবেগের মধ্যে জটিল সম্পর্ক অন্বেষণ করতে। শিল্পকর্মগুলোয় পাওয়া যাবে মানব বিকাশের পর্যায়গুলোর চিত্রায়ণের সঙ্গে ঋতুর পরিবর্তন এবং আমাদের মানসে তার প্রতিফলন। প্রেম সুবর্ণার কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিজস্ব ধরনের নীল, বেগুনি, ও সবুজে সুবর্ণা চিত্রিত করেন মনের গহিন অন্তর্লোকে ফেলে আসা স্মৃতি আর বিস্মৃতির এপিটাফ, প্রেম আসা ও চলে যাওয়া, অদৃশ্য মায়া। দৈনন্দিন জীবনের প্রহেলিকাময় জগৎকে কিছুটা বিদায় জানানোই শিল্পীর জগৎ, শিল্পী সুবর্ণা তেমনই উদ্দেশ্য নিয়ে নিজ জীবনের যুদ্ধগুলোকে আড়াল করেন তার চিত্রতলের স্বপ্নীল মেঘমালায়। প্রদর্শনীতে এচিং, লিথোগ্রাফি, কাঠের খোদাই, অ্যাক্রিলিক ও সায়ানো টাইপসহ বিস্তৃত মাধ্যমে ২০১৬-২০২৩ সালের মধ্যে করা শিল্পীর ৫০টি নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শিত হবে। 

সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে শুক্রবার ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি কিউরেট করেছেন এএসএম রেজাউর রহমান।

‘লাভ, লাইফ অ্যান্ড আদার ইমোশনস’ শিরোনামে ২০১৮ সালে সুবর্ণার প্রথম একক শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয় ক্যাফে ম্যাঙ্গো ও গ্যালারিতে। দক্ষিণ কোরিয়ার ১০তম উলসান ইন্টারন্যাশনাল দ্বিবার্ষিক উডকাট প্রিন্ট ২০২২, জার্মানিতে ডকুমেন্টা ফিফটিন ২০২২, শিল্পকলা একাডেমি আয়োজিত ১৭তম দ্বিবার্ষিক এশিয়ান আর্ট ২০১৬সহ দেশে ও বিদেশে বেশ কয়েকটি প্রদর্শনীতে সুবর্ণার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।